BJP: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধীরা মাঠে নামতেই পাল্টা পথে বিজেপি! নয়া কর্মসুচীর ঘোষণা শাসক দলের

Last Updated:

BJP: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে আন্দোলনে নেমেছে বিরোধীরা। পাল্টা কর্মসূচি নিয়ে ময়দানে বিজেপিও। রাজ্যের বিভিন্ন প্রান্তে সভা, মিছিল ও জনসংযোগের মাধ্যমে বিরোধীদের আন্দোলনের জবাব দিতে একাধিক কর্মসূচি ঘোষণা করেছে গেরুয়া শিবির।

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধীরা মাঠে নামতেই পাল্টা পথে বিজেপি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধীরা মাঠে নামতেই পাল্টা পথে বিজেপি

কলকাতা: দেশজুড়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে বিরোধীরা। সেই আন্দোলন আর শুধু রাজনীতির দৈনন্দিন কর্মসূচিতে আটকে নেই, বরং তা অরাজকতার পরিস্থিতি তৈরি করছে বলেই মনে করছে দেশের শাসক দল বিজেপি। এমন আবহে বিরোধীদের পাল্টা দেশজুড়ে কর্মসূচি ঘোষণা করেছে পদ্ম শিবির। কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’।

সেই কর্মসূচির সঙ্গে সাযুজ্য রেখেই শুক্রবার যাদবপুর সাংগঠনিক জেলার উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের নিউ ইন্ডিয়ান মাঠে ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ শীর্ষক সভার আয়োজন করে বিজেপি। সভায় প্রধান বক্তা ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তৃণমূল, সিপিআইএম-সহ অন্যান্য বিরোধী দলকে একযোগে নিশানা করেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, “রাজনৈতিকভাবে স্প্রে করে প্রতিরোধ করতে হবে যারা অশান্তির আবহ তৈরি করছে।”

একই কর্মসূচির অঙ্গ হিসেবে আগামীকাল, শনিবার পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় সভা করবেন মুখ্যমন্ত্রী। সোমবার কলকাতা-সহ হাওড়া, শিলিগুড়ি, দুর্গাপুর এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে পর্যায়ক্রমে এই কর্মসূচি পালন করবে রাজ্য বিজেপি।

সোমবার ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ শীর্ষক মিছিলের আয়োজন করা হয়েছে। কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিলে উপস্থিত থাকার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী-সহ অন্যান্য পদ্ম নেতৃত্বের।

মঙ্গলবার শিলিগুড়িতে একই বিষয়কে কেন্দ্র করে সভা রয়েছে বিজেপির। ওই দিনই হাওড়াতেও একই কর্মসূচি পালন করবে পদ্ম শিবির। বুধবার কৃষ্ণনগরে একই কর্মসূচি রয়েছে রাজ্যের শাসক দলের। বৃহস্পতিবার দুর্গাপুরে ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ কর্মসূচি পালন করবে বিজেপি।

সব মিলিয়ে, বিরোধীদের আন্দোলনের পাল্টা এবার রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে মোকাবিলায় পথে নামছে এ রাজ্যের গেরুয়া শিবিরও।

Post Comment

You May Have Missed