১১ হাজারের টিকিট পৌঁছল ৭৮ হাজারে! দীপাবলির আবহে আকাশছোঁয়া বিমান ভাড়া! কলকাতা-দিল্লির ভাড়া কত জানেন?

Last Updated:

দীপাবলির মরসুমে বিমান ভাড়ায় কার্যত আগুন! কলকাতা-দিল্লি, মুম্বই-দিল্লি, বেঙ্গালুরু-দিল্লি-সহ একাধিক গুরুত্বপূর্ণ রুটে আকাশছোঁয়া ভাড়া। উৎসবের মরসুমে বাড়ি ফিরতে গিয়ে এবার পকেটে টান পড়বে যাত্রীদের? কেন এত বাড়ল বিমানের টিকিটের দাম?

দীপাবলির মরসুমে বিমান ভাড়ায় কার্যত আগুন, AI Image
দীপাবলির মরসুমে বিমান ভাড়ায় কার্যত আগুন, AI Image

কলকাতা: দীপাবলির আবহে এবার হু হু করে বাড়ল বিমান ভাড়া। উৎসবের মরসুমে বাড়ি ফেরার পরিকল্পনা করছেন যাঁরা, তাঁদের জন্য দুঃসংবাদ। স্বাভাবিক সময়ে কলকাতা-দিল্লি রুটে বিমান ভাড়া থাকে ১০ থেকে ১১ হাজার টাকার মধ্যে। কিন্তু এবার সেই ভাড়া এক ধাক্কায় বেড়ে প্রায় ৭ গুণ! শুনতে অবাক লাগলেও, বিভিন্ন বিমান সংস্থার সূত্রে খবর, দীপাবলির মরসুমে কলকাতা-দিল্লি রুটে টিকিটের দাম ছাড়িয়ে যাচ্ছে ৭৮ হাজার টাকার গণ্ডিও।

জানা গিয়েছে, শুধুমাত্র ৬ নভেম্বরের টিকিটের দামই এক ধাক্কায় ১১,৬৬৯ টাকা থেকে বেড়ে হয়েছে ৭৮,৬৯৪ টাকা। অর্থাৎ, উৎসবের মরসুমে আকাশছোঁয়া বিমান ভাড়ার ধাক্কা সামলাতে কার্যত হিমশিম খেতে হচ্ছে যাত্রীদের।

তবে শুধু কলকাতা-দিল্লি রুটেই নয়, দেশের আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রুটে বেড়েছে বিমান ভাড়া। দিল্লি-আহমদাবাদ রুটে টিকিটের দাম ৬,১২১ টাকা থেকে বেড়ে হয়েছে ২৩,৪১৩ টাকা। মুম্বই-দিল্লি রুটে ১১,৫৩১ টাকা থেকে ভাড়া বেড়ে দাঁড়িয়েছে ৬০,৫৭৭ টাকা। অন্যদিকে, বেঙ্গালুরু-দিল্লি রুটে বিমান ভাড়া ১৫,৯০১ টাকা থেকে বেড়ে হয়েছে ৪০,৫০৬ টাকা। দিল্লি থেকে হায়দরাবাদ যাওয়ার টিকিটের দামও ৮,৯৩৫ টাকা থেকে বেড়ে হয়েছে ২৭,৮৯৫ টাকা।

যদিও বিভিন্ন বিমান সংস্থার দাবি, বিভিন্ন ওয়েবসাইটে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে ভাড়ার তারতম্য দেখা যেতে পারে। সিট প্রেফারেন্স থেকে শুরু করে আসনের প্রাপ্যতা, একাধিক বিষয়ের উপর নির্ভর করেই টিকিটের দাম নির্ধারিত হয়।

সাধারণত উৎসবের মরসুমে বাড়ি ফিরতে চান সকলেই। কিন্তু সেই পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় টিকিটের জোগান। ট্রেন বা বাসে টিকিট না পেলে অনেকেই শেষ বিকল্প হিসেবে বিমান পরিষেবার উপর নির্ভর করেন। কিন্তু সেখানেও যদি ভাড়া আকাশছোঁয়া হয়, তাহলে স্বাভাবিকভাবেই বিমানযাত্রার পরিকল্পনা থেকে পিছিয়ে আসতে পারেন যাত্রীরা।

পরিসংখ্যান বলছে, বিগত কয়েক বছরের তুলনায় উৎসবের মরসুমে বিমান ভাড়া বেড়েছে। যদিও একাধিক বিমান সংস্থার দাবি, যাত্রীদের কথা মাথায় রেখে ভাড়া কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।

Post Comment

You May Have Missed