Missing Girl Rescued: পথ হারিয়ে পাটনা থেকে খড়্গপুরে হাজির তরুণী, হ্যাম রেডিওর তৎপরতায় মিলল আসল পরিচয়! হাসি ফিরল পরিবারে
Last Updated:
Missing Girl Rescued: খড়্গপুর শহর থেকে উদ্ধার করা হয়েছিল মানসিক ভারসাম্যহীন তরুণীকে। পুলিশ-প্রশাসন ও হ্যাম রেডিওর যৌথ তৎপরতায় তাঁকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। দিন পনেরো আগে গভীর রাতে টহলরত পুলিশ ১৯ বছর বয়সী ওই তরুণীকে উদ্ধার করে। পরে তাঁকে হোমে পাঠানো হয়। অবশেষে তাঁর পরিবারের খোঁজ পাওয়া গিয়েছে।
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: খড়গপুরে চলে এসেছিলেন এক মানসিক ভারসাম্যহীন তরুণী। শেষমেশ পুলিশের তৎপরতা ও হ্যাম রেডিওর সাহায্যে পরিবারের খোঁজ মিলল তাঁর। সব ঠিক থাকলে সোমবার ওই তরুণীকে তাঁর পরিজনদের হাতে তুলে দেওয়া হবে বলে মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, দিন পনেরো আগে গভীর রাতে খড়গপুর শহরের রাস্তায় একাকী উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখা যায় ওই তরুণীকে।
রাতের অন্ধকারে টহলরত পুলিশের নজরে আসেন তিনি। পুলিশ আধিকারিকরা তাঁকে উদ্ধার করেন। পরের দিন মহকুমাশাসক জ্যোতি ঘোষের উদ্যোগে ওই তরুণীকে একটি হোমে পাঠানোর ব্যবস্থা করা হয়। কিন্তু তরুণী মানসিক ভারসাম্যহীন হওয়ায় নিজের নাম-পরিচয় বা বাড়ির ঠিকানা, কিছুই ঠিকমত পুলিশকে জানাতে পারছিলেন না। ফলে তাঁর পরিবারের খোঁজ পেতে রীতিমত সমস্যায় পড়ে প্রশাসন। তারপর হ্যাম রেডিও কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়।
দায়িত্ব পেয়েই ময়দানে নামে হ্যাম রেডিওর ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব। মাত্র দিনকয়েকের চেষ্টাতেই মেলে সাফল্য। খোঁজ নিয়ে জানা যায়, বছর উনিশের ওই তরুণীর বাড়ি বিহারের পাটনা জেলার বেলচি থানা এলাকায়। কোনওভাবে পথ হারিয়ে তিনি সেখান থেকে খড়্গপুরে এসে পৌঁছেছিলেন। ইতিমধ্যেই রেডিও ক্লাবের তৎপরতায় তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। তাঁকে সব নিয়ম মেনে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।
ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ শুক্রবার বলেন, “এর আগেও খড়্গপুরের ওই নির্দিষ্ট হোমের ১৫ জন আবাসিকের ঠিকানা খুঁজে বের করে আমরা তাঁদের বাড়ি পাঠাতে সক্ষম হয়েছি। এই তরুণীর পরিবারের সঙ্গেও আমাদের যোগাযোগ হয়েছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত টানা ছুটি থাকছে, তাই আগামী সোমবার তাঁকে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।” নিখোঁজ মেয়েকে ফিরে পাওয়ার খবরে স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তরুণীর পরিজনেরা। ওয়েস্ট বেঙ্গল রেডিও এর তৎপরতায় পরিজনকে কাছে পেয়ে ধন্যবাদ জানিয়েছেন তরুণীর পরিবার।
Paschim Medinipur,West Bengal

Post Comment