TMC Logo Tussle: দলের নাম, প্রতীক নকল করে অপব্যবহার হচ্ছে! ঋতব্রতদের ‘দখলদারি’ ঠেকাতে পুলিশে অভিযোগ কালীঘাট তৃণমূলের
Last Updated:
ঋতব্রত পন্থীদের পক্ষ থেকে এ দিন কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলরদের সামনে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করা হয়েছে বলে সূত্রের খবর৷
কলকাতা: দলের নাম, প্রতীকের দখল রুখতে এবার আইনি পদক্ষেপ করতে শুরু করল কালীঘাট তৃণমূলও৷ তৃণমূল কংগ্রেসের প্রতীকের অপব্যবহারের মাধ্যমে জালিয়াতি করা হচ্ছে বলে ই মেল করে পুলিশে অভিযোগ জানালো মমতা পন্থী তৃণমূল কংগ্রেস৷ আজই কলকাতার প্রগতি ময়দান এবং কালীঘাট থানার পাশাপাশি বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম বিভাগ এবং নিউ টাউন থানায় ই মেল করে এই অভিযোগ জানিয়েছেন তৃণমূলের যুগ্ম সর্বভারতীয় সাধারণ সম্পাদক দোলা সেন৷
ই মেলে দোলা সেন অভিযোগ করেছেন, তৃণমূলের প্রতীক এবং নাম নকল করে জালিয়াতি কীভাবে জালিয়াতি করা হচ্ছে তার বিস্তারিত তথ্য এই ই মেলের সঙ্গে অ্যাটাচ করা চিঠিতে দেওয়া হল৷ এই অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ করার জন্য পুলিশকে অনুরোধ করেছেন দোলা সেন৷
নাম প্রতীকের পাশাপাশি ২১ জুলাইয়ের আয়োজন নিয়েও মমতা পন্থী এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন নব্য তৃণমূলের লড়াই শুরু হয়েছে৷ ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে ২১ জুলাইয়ের সমাবেশ করতে চেয়ে আজই তৃণমূলের দুই শিবিরের পক্ষ থেকেই কলকাতা পুলিশকে চিঠি দিয়ে অনুমতি চাওয়া হয়েছে৷
ইতিমধ্যেই তৃণমূলের নাম এবং প্রতীকের দখল নিতে তৎপর হয়েছে ঋতব্রতপন্থী তৃণমূল৷ জাতীয় কর্মসমিতির বৈঠক করে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে নির্বাচন কমিশনে পদাধিকারীদের নাম জমা দিয়েছে বিদ্রোহী শিবির৷ নাম, প্রতীক হাতছাড়া হওয়া আটকাতে পাল্টা কমিশনকে চিঠি দিয়েছিল কালীঘাট পন্থী তৃণমূলও৷ আবার বিদ্রোহী শিবিরের বিধায়কদের পক্ষ থেকে পুলিশকে লেখা চিঠির পরিপ্রেক্ষিতে তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে৷
আজই কলকাতা পুরসভার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করে ঋতব্রতপন্থী তৃণমূল৷ সেই বৈঠকেই ২১ জুলাইয়ের সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে৷ দেবাশিস কুমার, তারক সিং-এর মতো দলের একাধিক অভিজ্ঞ এবং কলকাতা পুরসভায় দীর্ঘদিন মেয়র পারিষদ পদে থাকা নেতাদেরও এ দিন তপসিয়ার বৈঠকে অংশ নিতে দেখা গিয়েছে৷ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, কিছুদিনের মধ্যেই নিচুতলায় তৃণমূলের বিভিন্ন সাংগঠনিক পদে থাকা নেতাদের সমর্থনও যে তাঁদের পক্ষে রয়েছে, কমিশনের কাছে সেই প্রমাণও দেবেন তাঁরা৷
Kolkata,West Bengal
Jun 27, 2026 10:23 PM IST

Post Comment