Minister Khudiram Tudu: ‘আজকের মতো সুন্দর…’! মুকুটমণিপুরে অন্য মেজাজে মন্ত্রী ক্ষুদিরাম টুডু, উস্কে দিলেন ফুটবলের পুরনো স্মৃতি

Minister Khudiram Tudu: ‘আজকের মতো সুন্দর…’! মুকুটমণিপুরে অন্য মেজাজে মন্ত্রী ক্ষুদিরাম টুডু, উস্কে দিলেন ফুটবলের পুরনো স্মৃতি

Last Updated:

Minister Khudiram Tudu: মুকুটমণিপুরের মাঠে অন্য মেজাজে ধরা দিলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামে কাপড়ের বল সেলাই করে কাটানো নিজের শৈশবকে আরও একবার ছুঁয়ে দেখতে মেতে উঠলেন একলব্য মডেল স্কুলের ছাত্রদের ফুটবল খেলায়। মন্ত্রীর এই সহজ-সরল উপস্থিতি মন কেড়েছে উপস্থিত সকলের।

+

খুদেদের সঙ্গে ফুটবল খেলছেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

বাঁকুড়া,নীলাঞ্জন বন্দোপাধ্যায়: মুকুটমণিপুরের একলব্য মডেল স্কুলের মাঠে হঠাৎই যেন ফিরে এল এক অন্য সময়। মাঠে তখন ফুটবল অনুশীলনে ব্যস্ত ছাত্ররা। আর সেই দৃশ্য দেখেই নিজেকে আর ধরে রাখতে পারলেন না রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী তথা রানিবাঁধের বিধায়ক ক্ষুদিরাম টুডু। ছাত্রদের সঙ্গে মাঠে নেমে পড়লেন তিনি। ফুটবলে পা মেলালেন, দৌড়লেন, পাশ দিলেন। আর তার এই খেলায় যোগ দিলেন খাতড়ার মহকুমা শাসক তাপস ভট্টাচার্যও। মুহূর্তেই সরকারি পরিদর্শন পরিণত হল প্রাণখোলা ফুটবল খেলায়।

আগামী ৩০ জুন হুল দিবস উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুকুটমণিপুর সফরকে সামনে রেখে প্রস্তুতি খতিয়ে দেখতে একলব্য মডেল স্কুলের মাঠ পরিদর্শনে গিয়েছিলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু, খাতড়ার মহকুমা শাসক তাপস ভট্টাচার্য-সহ প্রশাসনিক আধিকারিকরা। পরিদর্শনের মাঝেই নজরে পড়ে মাঠে ফুটবল অনুশীলনরত ছাত্রদের। আর সেই দৃশ্যই ফিরিয়ে আনে মন্ত্রীর শৈশব ও কৈশোরের স্মৃতি। মুহূর্তের মধ্যেই মাঠে নেমে ছাত্রদের সঙ্গে খেলায় মেতে ওঠেন তিনি। মন্ত্রীর উৎসাহ দেখে ফুটবলে যোগ দেন মহকুমা শাসকও। দু’জনকে মাঠে বল নিয়ে খেলতে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়ে ছাত্ররাও।

আরও পড়ুন: বিশ্বমঞ্চে মাথা উঁচু করল মল্লভুমের লোকসংস্কৃতি, জুটল জিআই তকমা! জানুন বিষ্ণুপুরের দশাবতার তাসের অজানা কাহিনি

জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রাম বাগডুবিতে বেড়ে ওঠা ক্ষুদিরাম টুডু স্মৃতিচারণ করে বলেন, “ছোটবেলায় আমাদের কাছে আজকের মতো সুন্দর ফুটবল ছিল না। অনেকগুলো কাপড় জড়ো করে গোল করে সেলাই করে নিজেরাই বানিয়ে বল বানিয়ে নিতাম। সেই কাপড়ের বল নিয়েই চলত ঘণ্টার পর ঘণ্টা খেলা। সেই খেলাতেই ছিল আনন্দ, উচ্ছ্বাস আর বন্ধুত্বের বন্ধন।” মন্ত্রী আরও বলেন, “স্কুল ও কলেজ জীবনের সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল ছাত্রদের ফুটবল খেলতে দেখে। তাই আর নিজেকে আটকে রাখতে পারলাম না। ছাত্রদের সঙ্গে ফুটবল খেলে পুরনো দিনের আনন্দ আবারও অনুভব করলাম।”

Post Comment

You May Have Missed