Indian Railways: কাটোয়া স্টেশনে ব্যাগ হাতে ঘুরোঘুরি করছিলেন মহিলা, ভিতরে কী আছে, জিজ্ঞেস করতেই চমকে গেল পুলিশ
Last Updated:
ট্রেন থেকে গাঁজা ভর্তি ব্যাগ উদ্ধার, এর জেরে স্টেশন থেকে তিন মহিলাকে গ্রেফতারর করেছে পুলিশ। রেল পুলিশ সূত্রে খবর, কাটোয়া রেল স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল ওই তিন মহিলা।
রণদেব মুখোপাধ্যায়, কাটোয়া, পূর্ব বর্ধমান: ট্রেন থেকে উদ্ধার গাঁজা ভর্তি ব্যাগ, এর জেরে স্টেশনে তুমুল উত্তেজনা। এই ঘটনায় তিন মহিলাকে গ্রেফতারর করেছে পুলিশ। রেল পুলিশ সূত্রে খবর, কাটোয়া রেল স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তিন মহিলাকে রেল পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে প্রায় ১৬ কেজি গাঁজা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
রেল পুলিশ জানিয়েছে, ধৃত তিন মহিলা ডাউন তিস্তা তোর্সা এক্সপ্রেস করে কাটোয়া স্টেশনে নেমে প্ল্যাটফর্মে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করছিল। সন্দেহজনক আচরণ দেখে পুলিশের সন্দেহ হয়। টহলরত রেল পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। অসংলগ্ন কথা বলায় তাদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় ১৬ কেজি গাঁজা উদ্ধার হয়। ধৃতদের বাড়ি হুগলি জেলার বলাগড় থানা এলাকায়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, উত্তরবঙ্গ থেকে গাঁজা এনে কলকাতা শহরতলি-সহ ব্যান্ডেল এলাকায় সরবরাহ করত। ধৃতরা মূলত মাদক পাচার চক্রের ‘ক্যারিয়ার’ হিসেবে কাজ করত বলে পুলিশের প্রাথমিক অনুমান। ধৃত তিন গাঁজা পাচারকারী মহিলার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে চার দিনের নিজেদের হেফাজতে চেয়ে কাটোয়া মহকুমা আদালতে পেশ করে রেল পুলিশ। গাঁজা পাচারের সঙ্গে আর কারা জড়িত সেই চক্রের সন্ধান শুরু করেছে পুলিশ। সেই সঙ্গে ওই গাঁজা কোথা থেকে আনা হত এবং কোথায় কোথায় বিক্রি করা হত সেই সব নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি এই চক্রের মাথারও হদিস পেতে চাইছে পুলিশ।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
Jun 26, 2026 10:30 PM IST




Post Comment