বেতনের নিরিখে এলন মাস্কের পরেই স্থান, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীর প্রতিদিনের আয় ২৮ কোটি ! কে এই শঙ্খ মিত্র
কলকাতা থেকে উঠে আসা এই ব্যক্তিত্ব আজ বিশ্বের অন্যতম সর্বোচ্চ বেতনপ্রাপ্ত সিইও। The Wall Street Journal-এর প্রকাশিত S&P 500 সংস্থাগুলির সিইওদের সাম্প্রতিক প্রতিবেদনে তাঁর নাম উঠে আসার পর থেকেই তিনি খবরের শিরোনামে। এই ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়িক নেতার নাম শঙ্খ মিত্র ।
শঙ্খ মিত্রের বেতন কত?
শঙ্খ মিত্র বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য পরিষেবা এবং প্রবীণ নাগরিকদের আবাসন-সংক্রান্ত রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট (REIT) সংস্থা Welltower-এর সিইও।
প্রতিবেদন অনুযায়ী, তাঁর বার্ষিক মোট প্যাকেজ প্রায় ৮২১ মিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় ৭,৭৫০ কোটিরও বেশি।
এই হিসেবে তিনি প্রতি মাসে প্রায় ৬৪৫ কোটি টাকা এবং প্রতিদিন গড়ে ২১ কোটি টাকা আয় করেন। স্বাভাবিকভাবেই, এত বিপুল আয়ের কারণে তিনি বিশ্বজুড়ে আলোচনায় উঠে এসেছেন। ১৯৮১ সালে জন্মগ্রহণকারী শঙ্খ মিত্রের বর্তমান বয়স প্রায় ৪৫ বছর।
তাঁর প্যাকেজের প্রায় ৯৯ শতাংশই স্টক গ্রান্ট (Shares) আকারে দেওয়া হয়। এই শেয়ার পাওয়ার ক্ষেত্রেও কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে। এর অর্ধেক তিনি পাবেন যদি ২০৩১ সাল পর্যন্ত Welltower-এ কর্মরত থাকেন। বাকি অর্ধেক পাবেন যদি আগামী পাঁচ বছরে সংস্থাটি ৪৫ শতাংশ বাজার বৃদ্ধি অর্জন করে এবং প্রধান শেয়ার সূচকগুলিকে ছাড়িয়ে যেতে পারে।
শঙ্খ মিত্রের সঙ্গে এলন মাস্কের তুলনা কোনও ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতার কারণে নয়, বরং বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত কর্মরত সিইওদের তালিকায় তাঁদের অবস্থানের জন্য।
এই তালিকায় Tesla ও SpaceX-এর কর্ণধার এলন মাস্ক প্রায় ১৫৮ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ প্যাকেজ নিয়ে প্রথম স্থানে রয়েছেন। এলন মাস্কের পরই বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বেতনপ্রাপ্ত সিইও হিসেবে উঠে এসেছেন শঙ্খ মিত্র। এই তালিকায় তিনি বিশ্বের বহু নামী প্রযুক্তি ও আর্থিক সংস্থার সিইওদেরও পিছনে ফেলেছেন।
শঙ্খ মিত্রের শিকড় ভারতের সঙ্গেই জড়িয়ে। তিনি ভারতীয় বংশোদ্ভূত এবং তাঁর জন্ম ও শৈশব কেটেছে পশ্চিমবঙ্গে।
তিনি কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর অব ইঞ্জিনিয়ারিং (B.E.) ডিগ্রি অর্জন করেন।
ইঞ্জিনিয়ারিং শেষ করার পর উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি দেন।
সেখানে Columbia Business School থেকে Applied Value Investing-এ এমবিএ সম্পন্ন করেন।
পেশাজীবন শুরু করেন PricewaterhouseCoopers (PwC)-এ। পরে তিনি Fidelity Investments, Citadel এবং Millennium Partners-এর মতো বিশ্বের শীর্ষ আর্থিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
২০১৬ সালে তিনি Welltower-এ যোগ দেন। তথ্যভিত্তিক সিদ্ধান্ত এবং দক্ষ কৌশলগত নেতৃত্বের মাধ্যমে তিনি দ্রুত সংস্থার শীর্ষপদে পৌঁছে যান। অবশেষে অক্টোবর ২০২০ সালে তিনি Welltower-এর Chief Executive Officer (CEO) পদে নিযুক্ত হন।



Post Comment