ফের গোয়েন্দা চরিত্রে পরমব্রত চট্টোপাধ্যায়, রহস্য সিরিজ নিয়ে ফিরছেন জুন মাল্য!

ফের গোয়েন্দা চরিত্রে পরমব্রত চট্টোপাধ্যায়, রহস্য সিরিজ নিয়ে ফিরছেন জুন মাল্য!

কলকাতা: দীর্ঘদিন থেকে তিনি অভিনয় করছেন তো বটেই, সঞ্চালনাতেই যথেষ্ট সাবলীল। তবে পরিচালনায় পা রেখেও, দর্শকদের বেশ কিছু অন্যধারার কাজ উপহার দিয়েছেন, পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay)। এর আগে, বাঙালির প্রিয় গোয়েন্দা, ‘ফেলুদা’-র চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে এবার, একেবারে নতুন এক গোয়েন্দা চরিত্র, আদিত্য মজুমদার (Goyenda Aditya Majumdar)-এর জুতোয় পা গলাচ্ছেন তিনি। ‘হইচই’ (Hoichoi) ওয়েব প্লাটফর্মে আসছে নতুন ওয়েব সিরিজ, ‘ছদ্মবেশী’ (Choddobeshi)। আর এই সিরিজেই, মুখ্যভূমিকায় দেখা যাবে, পরমব্রত চট্টোপাধ্যায়কে। 

সিরিজের গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন কে কে?

তবে শুধু পরমব্রত চট্টোপাধ্যায় নন, এই সিরিজে রয়েছেন একাধিক চমক। এই সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে, ঋতাভরী চক্রবর্তীকে (Ritabhari Chakraborty)। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন, জুন মাল্য (June Maliah)। তাঁকে দেখা যাবে, মন্দাকিনী চৌধুরীর চরিত্রে। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে, ভরত কল (Bharat Kaul), সৃজলা গুহ (Srijla Guha), ইন্দ্রাশীষ রায় (Indrasish Roy), পায়েল সরকার (Paayel Sarkar), বিমল গিরি (Bimal Giri), সৌম্য বন্দ্যোপাধ্যায় (Shoumo Banerjee), খেয়া চট্টোপাধ্যায় (Kheya Chattopadhyay) সহ একাধিক অভিনেতা অভিনেত্রীকে।

সিরিজ নিয়ে কী বলছেন পরিচালক-অভিনেতা?

অভিরূপ সরকারের লেখা, ‘চৌধুরী বাড়ির রহস্য’ (Chowdhury Barir Rahashyo) গল্প অবলম্বনে তৈরি হয়েছে এই সিরিজ। চিত্রনাট্য লিখেছেন, পদ্মনাভ দাশগুপ্ত। সিরিজের পরিচালনা করছেন, অরিত্র সেন (Aritra Sen)। তিনি বলছেন, ‘গোটা গল্পের প্রত্যেকটা চরিত্রই, একে অপরের থেকে কিছু না কিছু লুকোতে চাইছে। সিরিজের প্রত্যেকটা চরিত্রের যেমন ধূসর দিক রয়েছে, তেমনই একটা পরিবারের টানাপোড়েন এবং সম্পর্ককে তুলে ধরা হয়েছে। সঙ্গে রহস্য তো রয়েছেই। আমরা এমনভাবে সিরিজটাকে তৈরি করতে চেয়েছি, যাতে দর্শক প্রত্যেকটা চরিত্রকেই সন্দেহ করে আর একেবারে গল্পের শেষ পর্যন্ত খুনির অনুসন্ধান করতে থাকে। কাজটা করে ভীষণ ভাল লেগেছে। আশা করছি, সিরিজ মুক্তি পেলে দর্শকদের ও এটা দেখে একটা দুর্দান্ত অভিজ্ঞতাই হবে।’

এই সিরিজ নিয়ে, নিজের চরিত্র নিয়ে পরমব্রত চট্টোপাধ্যায় বলছেন, ‘আদিত্য মজুমদার অন্যান্য গোয়েন্দাদের মতো ভুলত্রুটিহীন নয়। সে একজন সাধারণ মানুষ। তার কোথাও ভুল রয়েছে, কোথাও আবেগ রয়েছে.. চরিত্রের এই দিকটাই আমায় সবচেয়ে বেশি টেনেছে। নতুন একজন গোয়েন্দাকে বাঙালি দেখবে, তাঁদের কেমন লাগবে সেটা জানতে আমি উৎসুক।’

আরও পড়ুন: Preity Zinta: ছড়িয়ে দেওয়া হচ্ছে আপত্তিকর ছবি, আদালতের ছুটলেন প্রীতি জিন্টা!

 

Post Comment

You May Have Missed