ইডেনে বিধ্বংসী ইনিংসেই সর্বকালীন রেকর্ড গড়লেন কেকেআর ওপেনার ফিন অ্যালেন

ইডেনে বিধ্বংসী ইনিংসেই সর্বকালীন রেকর্ড গড়লেন কেকেআর ওপেনার ফিন অ্যালেন

কলকাতা: দিনকয়েক আগেই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে শতরান হাঁকিয়েছিলেন ফিন অ্যালেন (Finn Allen)। সপ্তাহান্তে ইডেন গার্ডেন্সে প্রথম কলকাতা নাইট রাইডার্স ব্যাটার হিসাবে একাধিক আইপিএল সেঞ্চুরি হাঁকানোর সুযোগ ছিল কিউয়ি ওপেনারের সামনে। সাত রানের জন্য সেই ইতিহাস গড়া হয়নি। তবে তা সত্ত্বেও শনিবারই ক্রিকেটের নন্দন কাননে একটি রেকর্ড নিজের নামে করলেন অ্যালেন।

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে (KKR vs GT) শনিবার ব্যাট হাতে ঝড় তোলেন অ্যালেন। ৩৫ বলে ৯৩ রানের অনবদ্য ইনিংস খেলেন অ্যালেন। তাঁর ইনিংস সাজানো ছিল চারটি চার এবং ১০টি ছক্কায়, স্ট্রাইক রেট ২৬৫.৭১। এক ইনিংসে এই নিয়ে চলতি মরশুমে দ্বিতীয়বার দশ বা তার অধিক ছক্কা হাঁকালেন অ্যালেন। আইপিএলের ইতিহাস তিনিই প্রথম ব্যাটার যিনি এক মরশুমের একাধিক ম্যাচে দশ বা ততোধিক ছক্কা হাঁকালেন। শতরানের রেকর্ড হাতছাড়া হলেও, এই রেকর্ড কিন্তু এবার অ্যালেনেরই দখলে। 

 

 

ম্যাচের কথা বলতে হলে এদিন অ্যালেনের ৯৩ এবং অঙ্গকৃষ রঘুবংশীর অপরাজিত ৮২ রানের ইনিংসের সুবাদে কেকেআর সুবিশাল ২৪৭ রান বোর্ডে তোলে। ক্যামেরন গ্রিনও নাইটদের হয়ে চলতি মরশুমের দ্বিতীয় অর্ধশতরান হাঁকান। ২৪৮ রানের বিরাট লক্ষ্য তাড়া করতে নেমে টাইটান্স ওপেনাররা ইনিংসের শুরুটা দুরন্তভাবে করেছিল। তবে চতুর্থ ওভারের শেষ বলে কার্তিক ত্যাগীর বল কনুুইয়ে লাগার পর মাঠ ছাড়তে বাধ্য হন সুদর্শন। বাটলার ও গিল এরপর ইনিংসের হাল ধরেন।                                             

অধিনায়ক শুভমন দলের হয়ে চেষ্টা করেন। তিনি ৮৫ রানের দুরন্ত ইনিংস খেলেন। লড়লেন জস বাটলার। ৩৫ বলে ৫৭ করেন তিনি। তবে কেকেআরের উদ্বেগ তৈরি করে রাখলেন মাথিশা পাথিরানা। মাত্র ৮ বল করে চোট পেয়ে ফের মাঠ ছাড়লেন। কেকেআরের জার্সিতে অভিষেকের ম্যাচেই উৎকণ্ঠা। পরের ম্যাচে পাথিরানা খেলবেন কি না, সেইদিকেও কিন্তু সকলের নজর থাকবে।                            



Post Comment

You May Have Missed