দুষ্কৃতীদের কারণে ২ বছর ঢুকতে পারেনি, অবশেষে পঞ্চায়েতে প্রবেশ করলেন বিজেপির প্রধান
শুভেন্দু ভট্টাচার্য, তুফানগঞ্জ: ২ বছর পর অবশেষে পঞ্চায়েত অফিসে ঢুকলেন প্রধান, উপপ্রধান সহ বিজেপির অন্যান্য সদস্যরা। ঘটনা নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অন্দরানফুলবাড়ী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের। সোমবার ১১ মে বিজেপির কর্মী ও সমর্থকদের নিয়ে মিছিল করে পঞ্চায়েত অফিসে পৌঁছে যান অন্দরানফুলবাড়ী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ননীবালা বর্মন। পরবর্তীতে পঞ্চায়েতের বাকি সদস্যদের নিয়ে পঞ্চায়েতের ভিতর প্রবেশ করেন তিনি।
আরও পড়ুন: জামাই বিজেপির বিধায়ক আর শ্বশুর তৃণমূলের উপপ্রধান, ভাতারের সৌমেন কার্ফার গল্প জানেন?
২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল রাজ্যের তৎকালীন বিরোধী দল। ১২ আসনের এই পঞ্চায়েতের ৯ টি আসন দখল করেছিল তারা। বাকি ৩ টে আসন পায় রাজ্যের তৎকালীন শাসকদল তৃণমূল। তবে, ২০২৪ সালে লোকসভা নির্বাচনের পর থেকেই এই পঞ্চায়েতে অচলাবস্থা তৈরি হয়।
বিজেপির অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়ে, বোর্ড গঠন করার পরও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বাধার মুখে দীর্ঘদিন পঞ্চায়েত অফিসে কাজ করতে পারেননি তাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা। এই ঘটনাকে কেন্দ্র করে একাধিকবার এলাকায় উত্তেজনার পরিস্থিতিও তৈরি হয়। যদিও বিজেপির এই অফয়যোগ একেবারে নস্যাত করেছে তৃণমূল।
সোমবার বিজেপি কর্মী ও সমর্থকদের নিয়ে মিছিল করে যখন পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত অফিসে ঢোকেন, সেই নিয়ে এলাকায় একটা উত্তেজনা তৈরি হয়। এলাকায় বিজেপির এই মিছিল ঘিরে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। যদিও কোনও অপ্রীতিকর ঘটনা সামনে আসেনি।
পঞ্চায়েত প্রধান ননীবালা বর্মন বলেন, “২০২৪ লোকসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের হারমাদরা গণতান্ত্রিক পদ্ধতিতে তৈরি করা বোর্ডকে পঞ্চায়েতে ঢুকতে দেয়নি। তাদের পাশে ছিল অগণতান্ত্রিক, স্বৈরাচারী তৃণমূল সরকার। গত ২ বছর আমাদের কাজকর্ম প্রায় বন্ধ ছিল। এর মধ্যে এখানে অনেক দুর্নীতি হয়েছে। সেই সব ফাইল বের করব। তদন্তের চেষ্টা করব।”
উল্লেখ্য, এবারের নির্বাচনে ‘ল্যান্ড স্লাইড’ জয় পেয়েছে বিজেপি। ২৯৪ -এর মধ্যে ২০০ -এর বেশি আসন পেয়েছে তারা। নিজের কেন্দ্র থেকে হেরে গিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। আর তারপরই এবার দেখা গেল ২ বছর পর অবশেষে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অন্দরানফুলবাড়ী ২ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে ঢুকলেন প্রধান, উপপ্রধান সহ বিজেপির অন্যান্য সদস্যরা।



Post Comment