চন্দ্রনাথ খুনে পুলিশের হাতে বড় ক্লু ! টোলপ্লাজায় UPI পেমেন্টের সূত্র ধরে কী খুঁজছেন তদন্তকারীরা

চন্দ্রনাথ খুনে পুলিশের হাতে বড় ক্লু ! টোলপ্লাজায় UPI পেমেন্টের সূত্র ধরে কী খুঁজছেন তদন্তকারীরা

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনে এবার নতুন তথ্য পুলিশের হাতে। টোলপ্লাজার সূত্র ধরে চন্দ্রনাথ রথ খুনে অভিযুক্তদের খোঁজে নেমেছেন তদন্তকারীরা। এর আগেই জানা গিয়েছে, চন্দ্রনাথ রথকে খুনের আগে মাঝরাস্তায় তাঁর গাড়ি আটকেছিল একটি সিলভার রঙের নিসান মাইক্রা গাড়ি। এবার জানা গিয়েছে, ওই গাড়িটি চন্দ্রনাথকে খুন করার আগে বালি টোলপ্লাজা পেরিয়েছিল এবং সেই সময় ইউপিআই পেমেন্ট করা হয়েছিল। কারা এই পেমেন্ট করেছিল, কাকে করেছিল, কী জন্য পেমেন্ট করা হয়েছিল – এইসব ইউপিআই পেমেন্টের সূত্র ধরে চন্দ্রনাথ রথ খুনের অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই বালি টোলপ্লাজার সিসিটিভি ফুটেজ এসেছে তদন্তকারীদের হাতে। টোলপ্লাজা দিয়ে যাওয়ার সময় গাড়ি পাস করানোর জন্য পেমেন্ট করা হয় ইউপিআই মাধ্যমের সাহায্যে। বালির নিবেদিতা টোলপ্লাজায় কার ইউপিআই মাধ্যম দিয়ে টাকা পেমেন্ট করা হয়েছিল, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস ধরে আততায়ীদের একদম কাছে পৌঁছতে চাইছেন তদন্তকারীরা। অনুমান, ইতিমধ্যেই অনেক খোঁজ পাওয়া গিয়েছে। 

গত ৬ মে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ককে গুলি করে খুন করা হয়। এই খুনে ব্যবহৃত গাড়িটি ঝাড়খণ্ড থেকে নিয়ে আসা হয় বলে অনুমান পুলিশের। অভিযুক্তদের ধরতে ইতিমধ্যেই উত্তরপ্রদেশে পৌঁছেছে রাজ্য পুলিশের স্পেশাল টিম। আগেই জানা গিয়েছে, চন্দ্রনাথ রথকে খুন করার দিন ২টি বাইক এবং একটি গাড়িতে এসেছিল আততায়ীরা। খুনের পর ঘটনাস্থলেই গাড়ি ফেলে পালিয়ে যায় আততায়ীরা। বাইকে করে পালায় আততায়ীরা। প্রথমে একটি বাইক উদ্ধার করা হয় এয়ারপোর্টের কাছে পাঁচিল ঘেরা একটি জায়গা থেকে। পরে আরেকটি বাইক উদ্ধার করা হয়। খুনে ব্যবহৃত ২টি বাইক এবং গাড়ির নম্বর প্লেট ভুয়ো বলে জানা গিয়েছে। এছাড়াও গাড়ি এবং বাইকের চেসিস নম্বর ঘষে তুলে দেওয়া হয়েছে, অর্থাৎ নষ্ট করে দেওয়া হয়েছে। তদন্তকারীদের অনুমান, আততায়ীরা পুলিশের নজর এড়াতেই এইসব পন্থা নিয়েছে। 

মধ্যমগ্রামের দোহারিয়া এলাকার কাছাকাছি মাঝরাস্তায় পিছন থেকে একটি নিসান মাইক্রা গাড়ি এসে পথ আটকেছিল চন্দ্রনাথ রথের গাড়ির। এরপরই অতর্কিতে হামলা হয় চন্দ্রনাথের উপর। প্রথমে কাচে গুলি করা হয়। তারপর গাড়ির জানলায় তৈরি হওয়া ছিদ্র দিয়ে এলোপাথাড়ি গুলি চালিয়ে নিশ্চিত করা হয় চন্দ্রনাথের মৃত্যু। গুলি লাগে তাঁর গাড়ির চালকেরও। গুরুতর আহত অবস্থায় চন্দ্রনাথকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যদিকে, আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন চন্দ্রনাথের গাড়ির চালক। 

Post Comment

You May Have Missed