সরকার পরিবর্তনের পরেই বাংলায় মুক্তি পেতে পারে ‘দ্য বেঙ্গল ফাইলস’!
- বাংলার ‘দ্য বেঙ্গল ফাইলস’ সিনেমা অবশেষে মুক্তি পাচ্ছে পশ্চিমবঙ্গে।
- রাজ্যে সরকার পরিবর্তনের পর নতুন করে মুক্তি পাচ্ছে ছবিটি।
- পরিচালক বিবেক অগ্নিহোত্রী মমতার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছিলেন।
- বিভিন্ন সিনেমা হলে ছবিটি মুক্তির জন্য আলোচনা চলছে।
কলকাতা: আগেই আর্জি জানিয়েছিলেন, এই সিনেমার অভিনেতা সৌরভ দাস (Sourav Das)। বাংলার ওপর তৈরি হলেও, এই সিনেমা মুক্তি পায়নি পশ্চিমবঙ্গে, দেখতে পারেননি কেউই। এই ছবির সঙ্গে যুক্ত যাঁরা, তাঁদের পরিবারকে পর্যন্ত এই ছবির শো দেখার জন্য যেতে হয়েছিল রাজ্যের বাইরে। আর এবার, মানুষ দেখতে পারবেন সেই চর্চিত সিনেমা, ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files)। গতবছরের সেপ্টেম্বর মাসে অন্যান্য রাজ্যের মতোই, এই রাজ্যেও মুক্তি পাওয়ার কথা ছিল, ‘দ্য বেঙ্গল ফাইলস’। ছবির প্রচার করতে, কলকাতাতেও এসেছিলেন বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। তবে সেই প্রচারের সময় থেকেই শুরু হয় বিভিন্ন সমস্যা, পরিচালক অভিযোগ করেন অসহযোগীতার। এরপরে এই সিনেমা মুক্তিই পায়নি পশ্চিমবঙ্গে। তবে বাংলায় সরকার বদলের পরে, নতুন করে বাংলায় মুক্তি পাচ্ছে ‘দ্য বেঙ্গল ফাইলস’।
প্রাক্তন সরকারের বিরুদ্ধে বিস্ফোরক বিবেক অগ্নিহোত্রী
গণনার শেষে যখনই এটা স্পষ্ট হয়ে যায় যে, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় ক্ষমতায় আসছে বিজেপি, তখনই X-এ একটি পোস্ট করেছিলেন বিবেক অগ্নিহোত্রী। সেখানে তিনি লিখেছিলেন, কীভাবে ‘কাশ্মীর ফাইলস’ ছবিটাকে একাধিক প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। পাশাপাশি তিনি এটাও অভিযোগ করেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অসহযোগীতার কারণেই বাংলার মানুষ ‘দ্য বেঙ্গল ফাইলস’ দেখা থেকে বঞ্চিত থেকেছে। এটাও অভিযোগ করা হয়েছিল যে, যে সমস্ত বাংলার শিল্পীরা এই ছবিতে কাজ করেছেন, পরবর্তী কাজ পাওয়ার ক্ষেত্রে তাঁদেরও বিপাকে পড়তে হয়েছে।
কোথায় মুক্তি পাচ্ছে ‘দ্য বেঙ্গল ফাইলস’?
এখানেই শেষ নয়, বিবেক অগ্নিহোত্রী আরও লিখেছিলেন, ‘আমাদের ট্রেলার লঞ্চের অনুষ্ঠান আটকানো হয়েছিল, অপদস্থ, অপমান করা হয়েছিল। আমার নামে একাধিক অভিযোগ করা হয়েছিল পুলিশে, করা হয়েছিল FIR -ও। বাংলা থেকে আমায় কার্যত বাতিল বলে ঘোষণা করা হয়েছিল। রাজ্যপালের কাছ থেকে পুরষ্কার নিতে যেতে পারিনি। কিন্তু আমরা হাল ছাড়িনি। যতজনকে সম্ভব, যেভাবে সম্ভব আমরা এই সিনেমাটা দেখিয়েছিলাম।’ সদ্যই, কলকাতার একাধিক সিনেমাহল মালিক ও ডিস্ট্রিবিউটাররা জানিয়েছেন, ছবিটি বাংলায় মুক্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে শুধুমাত্র একটি সিনেমাহল নয়, গোটা রাজ্যের বিভিন্ন সিনেমাহলেই এই ছবিটিকে মুক্তি দেওয়ার কথা হচ্ছে।



Post Comment