East Medinipur News: হলদিয়াকে দূষণমুক্ত করতে বন্দর কর্তৃপক্ষের মাস্টারস্ট্রোক, হাতেনাতে মিলছে ফল! খুশিতে ডগমগ স্থানীয়রা

East Medinipur News: হলদিয়াকে দূষণমুক্ত করতে বন্দর কর্তৃপক্ষের মাস্টারস্ট্রোক, হাতেনাতে মিলছে ফল! খুশিতে ডগমগ স্থানীয়রা

Last Updated:

East Medinipur News: হলদিয়া বন্দরে পণ্য খালাস ও পরিবহনের সময় উড়তে থাকা বিষাক্ত ধুলিকণা রুখতে বসানো হয়েছে বিশালাকার ‘ডাস্ট স্ক্রিন’। প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বিশেষ পর্দা ব্যবহারের ফলে ইতিমধ্যে এলাকার বাতাসের গুণমান (AQI) উন্নত হতে শুরু করেছে।

+

হলদিয়া বন্দরে বসানো হয়েছে ডাস্ট স্ক্রিন

হলদিয়া, সৈকত শী: ক্রমাগত বাড়তে থাকা দূষণের কবল থেকে শিল্পশহর হলদিয়াকে বাঁচাতে এক অভিনব উদ্যোগ নিল হলদিয়া বন্দর কর্তৃপক্ষ। বন্দরে পণ্য খালাস ও পরিবহনের সময় উড়তে থাকা বিষাক্ত ধুলিকণা রুখতে বসানো হয়েছে বিশালাকার ‘ডাস্ট স্ক্রিন’। প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বিশেষ পর্দা ব্যবহারের ফলে ইতিমধ্যে এলাকার বাতাসের গুণমান (AQI) উন্নত হতে শুরু করেছে। হলদিয়া বন্দরে প্রতিদিন প্রায় ৫ হাজার পণ্যবাহী ট্রাক যাতায়াত করে। জাহাজ থেকে কয়লা, আকরিক লোহা এবং ম্যাঙ্গানিজের মত সূক্ষ্ম পদার্থ খালাস করে কারখানায় নিয়ে যাওয়ার সময় তা বাতাসে মিশে ব্যাপক দূষণ ঘটায়। এই বিষাক্ত ধুলোবালি থেকে স্থানীয় বাসিন্দা ও শ্রমিকদের রক্ষা করতেই বন্দর কর্তৃপক্ষের এই পরিকল্পনা।

দূষণ রুখতে দুই দফায় এই স্ক্রিন বসানোর কাজ চলছে। প্রাথমিক পর্যায়ে বন্দরের অভ্যন্তরে প্রায় ১,৫৪৮ মিটার স্ক্রিন বসান হয়েছে। দ্বিতীয় পর্যায়ে হলদিয়া বন্দরের ১ নম্বর গেট ও রানিচক সংলগ্ন এলাকায় ১৬ কোটি টাকা ব্যয়ে আরও ৮৩৩ মিটার স্ক্রিন বসানো হয়েছে। এটি মূলত লোহার কাঠামোর ওপর নির্মিত একটি বিশেষ কালো রঙের পর্দা, যা অনেকটা উঁচু প্রাচীরের মত দাঁড়িয়ে থাকে। বাতাস বইলে ভাসমান বিষাক্ত ধুলিকণা এই পর্দায় ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। এর ফলে ক্ষতিকারক কণাগুলো সরাসরি বাতাসে মিশতে পারে না, যা বায়ুদূষণের মাত্রা অনেকাংশে কমিয়ে দেয়।

এ বিষয়ে হলদিয়া ডক কমপ্লেক্সের জেনারেল ম্যানেজার, মানস মণ্ডল জানিয়েছেন, ” হলদিয়া বন্দর থেকে দূষণ ছড়ানোর অভিযোগ উঠছিল হলদিয়াবাসীর কাছ থেকে। তাই পদক্ষেপ নিল হলদিয়া বন্দর। দূষণ রোধে এটি একটি কার্যকর ভূমিকা নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা এর সুফল পেতে শুরু করেছি। আগামী দিনে এই ব্যবস্থা এলাকার একিউআই (AQI) বা বায়ু সূচককে আরও উন্নত করবে।” বন্দর সূত্রে খবর, এই ডাস্ট স্ক্রিনের কার্যকারিতা দেখে আগামী দিনে শহরের আরও কিছু গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় এটি বসানোর পরিকল্পনা রয়েছে। পরিবেশবিদদের মতে, শিল্পনগরীর ভারসাম্য বজায় রাখতে এবং সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এই ‘গ্রিন টেকনোলজি’ এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

প্রসঙ্গত, হলদিয়ার দূষণ নিয়ে নতুন করে কিছু বলার নেই। হলদিয়ার বাসিন্দাদের অভিযোগ ছিল, দূষণের মূল উৎস হল হলদিয়া বন্দর। বন্দর এলাকা থেকে বাতাসে কয়লার গুঁড়ো এবং আকরিক লোহার কণা মিশে যায়। তাই এবার বন্দর কর্তৃপক্ষ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে। বন্দর কর্তৃপক্ষ বন্দরের চারপাশ জুড়ে বেড়া বা ফেন্সিং বসিয়েছে। হলদিয়া বন্দরের এই উদ্যোগে খুশি হলদিয়ার মানুষ।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

East Medinipur News: হলদিয়াকে দূষণমুক্ত করতে বন্দর কর্তৃপক্ষের মাস্টারস্ট্রোক, হাতেনাতে মিলছে ফল! খুশিতে ডগমগ স্থানীয়রা

Post Comment

You May Have Missed