North Dinajpur News: হাতাহাতির মাঝেই ব্যাগ থেকে বেরল বোমা! চোপড়ার বাজার এলাকায় মারাত্মক কাণ্ড, ছুটে এল পুলিশ
Last Updated:
North Dinajpur News: ভোট মিটতে না মিটতেই উত্তর দিনাজপুরের চোপড়ায় মারাত্মক ঘটনা। এদিন হাতাহাতি-ধস্তাধস্তির মাঝে ব্যাগ থেকে বেরিয়ে আসে বোমা। তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
চোপড়া, উত্তর দিনাজপুরঃ হাতাহাতি-ধস্তাধস্তির মাঝেই ব্যাগ থেকে বেরিয়ে এল বোমা। বুধবার উত্তর দিনাজপুরের চোপড়ায় ঘটনাটি ঘটেছে। কোনও অঘটন না ঘটলেও এই ঘটনা ঘিরে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। সেই সঙ্গেই এলাকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
এদিন চোপড়ার কালাগছ বাজার এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, এদিন কোনও একটি বিষয়ে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। এরপর সেই বিবাদ হাতাহাতি ও মারপিটের চেহারা নেয়। পরিস্থিতি উত্তপ্ত হতে দেখে স্থানীয়রা বিষয়টি থামাতে এগিয়ে আসেন। অভিযোগ, সেই সময়ই একজনের ব্যাগ থেকে একটি বোমা রাস্তার উপর পড়ে।
এছাড়া বোমা নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডে খবর দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশাল পুলিশবাহিনী এলাকা ঘিরে রাখে। এই ঘটনার পিছনে কোনও রকমের ষড়যন্ত্র রয়েছে কিনা সেটা খতিয়ে দেখতে শুরু করেছে প্রশাসন।
অন্যদিকে এই ঘটনা ঘিরে এলাকায় রাজনৈতিক টানাপড়েন শুরু হয়েছে। সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাঁদের অভিযোগ, এলাকায় চলতে থাকা তোলাবাজির প্রতিবাদ করার জন্য দুষ্কৃতীদের একাংশ তাঁদের উপর চড়াও হয়েছে।
ভোট মিটতে না মিটতেই এই ধরনের ঘটনা ঘটায় চোপড়ার কালাগছ বাজার এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমেছে প্রশাসন। আগামীদিনে কী সামনে আসে সেটাই দেখার।
Uttar Dinajpur,West Bengal




Post Comment