ভোটে হারার পরই ভারতীয় ক্রিকেটে বড় দায়িত্ব পেলেন বাংলার ক্রিকেটার, চিঠি ভিভিএস লক্ষ্মণের

ভোটে হারার পরই ভারতীয় ক্রিকেটে বড় দায়িত্ব পেলেন বাংলার ক্রিকেটার, চিঠি ভিভিএস লক্ষ্মণের

সন্দীপ সরকার, কলকাতা: তিনি হয়তো ভারতের হয়ে খেলার সুযোগ পাননি, কিন্তু দলে ডাক পেয়েছেন একাধিকবার। মহেন্দ্র সিংহ ধোনির মতো কিংবদন্তির সঙ্গে খেলেছেন, দুজনের সম্পর্কও গাঢ়। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোচিং শুরু করেছিলেন। বাংলা ক্রিকেট দলের সহকারী কোচের ভূমিকাতেও দেখা গিয়েছিল তাঁকে।

সেই শিবশঙ্কর পাল (Shib Shankar Paul) এবার ভারতীয় ক্রিকেটে (BCCI) বড় দায়িত্ব পেলেন। দেশের অনূর্ধ্ব ১৬ পেসারদের নিয়ে একটি শিবির আয়োজন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জয়পুরে হবে সেই শিবির। সেখানেই কোচের ভূমিকায় দেখা যাবে ময়দানের ম্যাকো-কে। ভারতীয় বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সের প্রধান কোচ ভি ভি এস লক্ষ্মণ স্বয়ং চিঠি পাঠিয়ে শিবশঙ্করকে নিয়োগের কথা জানিয়েছেন।

মাঝে রাজনীতিতে নাম লেখান শিবশঙ্কর। রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলা জম্মু ও কাশ্মীরের কাছে হেরে যাওয়ার পরই জানা যায় যে, শিবশঙ্কর তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। ক্রিকেট খেলার সময় তাঁকে তুফানগঞ্জ এক্সপ্রেস বলা হতো। তুফানগঞ্জ থেকে উঠে আসার জন্য। রাজনীতিতে যোগ দেওয়ার পর সেই তুফানগঞ্জ থেকেই তাঁকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। যদিও নির্বাচনে প্রবল গেরুয়া ঝড়ে পরাস্ত হন তিনি। বিজেপির মালতী রাভা রায়ের কাছে হেরে যান শিবশঙ্কর। হারের বিষণ্ণতার মাঝেই অবশ্য ক্রিকেটের বাইশ গজে ভাল খবর এল তাঁর কাছে।

মঙ্গলবার সন্ধ্যায় বোর্ডের চিঠি পাওয়ার পরই এবিপি লাইভ বাংলাকে শিবশঙ্কর বলছিলেন, ‘লক্ষ্মণ চিঠি পাঠিয়েছে। ১১ মে থেকে ৬ জুন ভারতীয় ক্রিকেট বোর্ড জয়পুরে দেশের অনূর্ধ্ব ১৬ পেসারদের জন্য একটা ক্যাম্প করছে। সেখানে কোচ হিসাবে আমাকে নিয়োগ করা হয়েছে। ১০ মে আমাকে জয়পুর চলে যেতে হবে।’

আরও পড়ুন: মর্নিং ওয়াকে বেরলেন দিলীপ ঘোষ, হাতে মিষ্টি! সটান ঢুকে পড়লেন থানায়!

রাজনীতিতে যোগদান, নির্বাচনে দাঁড়ানো, পরাজয়, এসব মাথায় রাখতে চান না শিবশঙ্কর। অজাতশত্রু ক্রিকেটার বলছিলেন, ‘ফল নিয়ে ভেবে আর কী হবে? তবে আমি তুফানগঞ্জের ছেলে। ভোটে না জিতলেও তুফানগঞ্জের জন্য কাজ করব।’ আরও বললেন, ‘অনেক প্রাপ্তিও হয়েছে। যেমন আমি প্রচারে বেরিয়ে জানতে পারি, এক বিশেষভাবে সক্ষম যুবক ভোট দিতে পারে না বুথে যেতে পারে না বলে। তার মা আমাকে জানান। আমি বন্দোবস্ত করি যাতে সে ভোট দিতে পারে। হুইলচেয়ারে চেপে সে ভোট দিয়েছে। এই ছোট ছোট ভাল লাগাগুলো থেকে যাবে।’

বাংলার সিনিয়র দলের সহকারী কোচ ছিলেন। কোচ নিয়োগ করতে চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল সিএবি। আবেদন করেছেন? শিবশঙ্কর বললেন, ‘করেছি। আশা করছি বাংলা ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে পারব।’ 

Previous post

নজিরবিহীন সঙ্কটের মুখে বিমান সংস্থাগুলো! বাতিল হচ্ছে হাজার হাজার উড়ান, ব্যাহত যাত্রী পরিষেবা!

Next post

Manoj Agarwal meets Bengal Governor: রাজ্যপালের কাছে মুখ্য নির্বাচনী আধিকারিক সহ জাতীয় নির্বাচন কমিশনের টিম, নতুন সরকার গঠন প্রস্তুতি

Post Comment

You May Have Missed