Tilpara Barrage: জরাজীর্ণ তিলপাড়া ব্যারেজে এবার বড়সড় সংস্কার! ১ মাস বন্ধ যান চলাচল, জারি প্রশাসনিক নির্দেশিকা

Tilpara Barrage: জরাজীর্ণ তিলপাড়া ব্যারেজে এবার বড়সড় সংস্কার! ১ মাস বন্ধ যান চলাচল, জারি প্রশাসনিক নির্দেশিকা

Last Updated:

Tilpara Barrage: তিলপাড়া ব্যারেজের জরাজীর্ণ দশা কাটাতে বড় সিদ্ধান্ত নিল বীরভূম জেলা প্রশাসন। ১ মাস বন্ধ থাকবে সমস্ত যান চলাচল। বাস ও ভারী যানবাহনের জন্য বিকল্প পথের হদিশ দিল প্রশাসন। জেনে নিন আপনার যাতায়াতের রুট।

সিউড়ি তিলপাড়া ব্যারেজ
সিউড়ি তিলপাড়া ব্যারেজ

সিউড়ি, বীরভূম: বীরভূমের সিউড়ি তিলপাড়া ব্যারেজের জরাজীর্ণ দশা কাটাতে জরুরি ভিত্তিতে মেরামতি ও পুনর্বাসনের কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। দীর্ঘদিন ধরেই ব্যারেজটির অবস্থা অত্যন্ত খারাপ ছিল। গত বছর বর্ষার সময় ব্যারেজের বেশ কিছু এক্সটেনশন ওয়াটার ডিভাইডার পিলার ভেঙে যাওয়ার পর সাময়িক সংস্কার করা হলেও ফের মেরামতি জরুরি হওয়ায় এই বড় পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই মেরামতি কাজের জন্য আজ মঙ্গলবার বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, মেরামতি চলাকালীন তিলপাড়া ব্যারেজের উপর দিয়ে সমস্ত ধরণের যানবাহন চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। তবে সাধারণ মানুষের কথা ভেবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সেতুর ফুটপাথ ব্যবহার করে পথচারীরা কেবল হেঁটে যাতায়াত করতে পারবেন।

যান চলাচল বন্ধ থাকার নির্দিষ্ট সময়সীমাও ঘোষণা করেছে প্রশাসন। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৭ মে ২০২৬ তারিখ থেকে ৬ জুন ২০২৬ তারিখ পর্যন্ত, অর্থাৎ টানা এক মাস এই ব্রিজের ওপর দিয়ে কোনও গাড়ি চলতে পারবে না। ব্যারেজের স্থায়ী স্থায়িত্ব নিশ্চিত করতেই এই এক মাস সময় নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: ভোটের ফল বেরোতেই ময়দানে জগন্নাথ চট্টোপাধ্যায়, শান্তি বজায় রাখতে পৌঁছে গেলেন প্রত্যন্ত গ্রামে

প্রশাসনের নির্দেশিকা অনুযায়ী, সব ধরণের ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকলেও যাত্রী সাধারণের সুবিধার জন্য বাস চলাচলে কিছু নিয়ম রাখা হয়েছে। বিভিন্ন রুটের বাসগুলি ব্রিজের দুই প্রান্ত পর্যন্ত যাতায়াত করতে পারবে। অর্থাৎ, ব্রিজের একপার পর্যন্ত এসে যাত্রীদের নেমে হেঁটে ব্রিজ পার হয়ে ওপারে অন্য বাসে উঠতে হবে। দূরপাল্লার বাস ও অন্যান্য ভারী গাড়ির জন্য বিকল্প পথের ব্যবস্থা করা হয়েছে। যানজট এড়াতে এবং যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে সিউড়ি-সাঁইথিয়া রাস্তাকে বিকল্প রুট হিসেবে বেছে নিয়েছে প্রশাসন। মেরামতি চলাকালীন যাতায়াতের এই পরিবর্তন মেনে চলার জন্য সাধারণ মানুষকে অনুরোধ জানানো হয়েছে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

Tilpara Barrage: জরাজীর্ণ তিলপাড়া ব্যারেজে এবার বড়সড় সংস্কার! ১ মাস বন্ধ যান চলাচল, জারি প্রশাসনিক নির্দেশিকা

Post Comment

You May Have Missed