চূর্ণবিচূর্ণ ‘ডায়মন্ড মডেল’, ফলতায় ফের ভোট ঘোষণার পরই অভিষেককে খোঁচা অমিত মালব্যর
ফলতা: ২৯ এপ্রিল বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট হয়েছিল। ফলতা বিধানসভা কেন্দ্রেও ভোট হয়েছিল। কিন্তু সেদিন এত অভিযোগ ওঠে যে শেষ পর্যন্ত এই বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি ওঠে। শেষ পর্যন্ত আগামী ২১ মে ফলতায় ২৮৫টি বুথেই ফ্রেশ পোলের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আর এরপরই অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ‘ডায়মন্ড মডেল’ নিয়ে কটাক্ষ করে পোস্ট করলেন অমিত মালব্য।
নিজের সোশ্য়াল মিডিয়া পোস্টে বিজেপি আইটি সেলের প্রধান লিখেছেন, ‘ফলতায় ২৯ এপ্রিলের ভোট বাতিল, ২১ মে পুনর্নির্বাচন।’ ‘ডায়মন্ড মডেল’-কে কটাক্ষ অমিত মালব্যর। চূর্ণবিচূর্ণ হয়ে গেল ডায়মন্ড মডেল, কটাক্ষ করে পোস্ট অমিত মালব্যর।
ফলতায় দ্বিতীয় দফায় ভোট হওয়ার পর থেকেই নানা অভিযোগ উঠে আসছিল। এখানকার বিজেপি প্রার্থী অভিযোগ জানিয়েছিলেন যে ইভিএমে বিজেপির বোতামে টেপ লাগানো তো ছিলই, এমনকী অনেক জায়গায় বিজেপির বোতামে আতর লাগিয়ে রাখাছিল।
এদিকে, অমিত মালব্য ডায়মন্ড হারবার মডেল নিয়ে পোস্ট করলেও, হুঙ্কার দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তৃণমূলের সেকেণ্ড ইন কমান্ড নিজের এক্স মাধ্যমে লিখেছেন, ‘তোমাদের বাংলা বিরোধী গুজরাটি গ্যাং আর তাদের হাতের পুতুল জ্ঞানেশ কুমারের পক্ষে আমার ডায়মন্ড হারবার মডেলে সামান্য আঁচড় কাটার জন্য দশটা জন্মও যথেষ্ট হবে না।’ অভিষেক আরও লিখেছেন, ‘তোমাদের যা কিছু আছে, সব নিয়ে এসো। আমি সমগ্র ভারত ইউনিয়নকে চ্যালেঞ্জ জানাচ্ছি – ফলতায় এসো। তোমাদের সবচেয়ে শক্তিশালীকে পাঠাও, দিল্লি থেকে কোনও এক গডফাদারকে পাঠাও। যদি সাহস থাকে, ফলতায় প্রতিদ্বন্দ্বিতা করো।’
ঠিক যে যে কারণে ফলতায় ফের ভোটগ্রহণ করার সিদ্ধান্ত কমিশনের
১. কোথাও ক্যামেরা বন্ধ করে ভোট, কোথাও EVM-এ টেপ
২. ২৮৫টির মধ্যে অন্তত ৬০টি বুথে EVM-এ কারচুপি
৩. ফলতায় ভোটে গুরুতর অভিযোগ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত
৪. কোথাও ১০%-এর বেশি কারচুপির অভিযোগ এলেই খতিয়ে দেখা হয়
৫. ফলতার ২৮৫টির মধ্যে ৬৭টি বুথে নানা ধরণের অনিয়ম’
৬. মোট ভোটারের প্রায় ২৩% ভোট নিয়ে কারচুপি
৭. ৬০টি বুথ অর্থাৎ ফলতার ২১% বুথে কারচুপি, তাই ফের ভোট
৮. কোথাও বুথে ভোট করাচ্ছেন একাধিক ব্যক্তি
৯. নির্দিষ্ট একটি দল বাদ দিয়ে বাকি দলের প্রতীকের বোতামে টেপ
১০. কোথাও EVM-এ টেপ, কোথাও EVM-এ আতর
১১. কোথাও বারবার একই লোকের প্রবেশ তো কোথাও বুথে বারবার ছাপ্পা ভোট
১২. প্রচুর বুথের ফুটেজ মিসিং, কোথাও চিপে বিহারের ভোটের ছবি



Post Comment