Murshidabad News:লালগোলায় তৃণমূল নেত্রীর স্বামীর মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য, খুনের অভিযোগ পরিবারের

Murshidabad News:লালগোলায় তৃণমূল নেত্রীর স্বামীর মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য, খুনের অভিযোগ পরিবারের

Last Updated:

Murshidabad News: সোমবার দুপুরে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকার লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রীর স্বামীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল

এক রহস্যজনক মৃত্যুকে ঘিরে মুর্শিদাবাদের লালগোলায় চাঞ্চল্য ছড়াল
এক রহস্যজনক মৃত্যুকে ঘিরে মুর্শিদাবাদের লালগোলায় চাঞ্চল্য ছড়াল

মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: এক রহস্যজনক মৃত্যুকে ঘিরে মুর্শিদাবাদের লালগোলায় চাঞ্চল্য ছড়াল । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম নাজির শেখ। বছর ৪৯-এর নাজিরের বাড়ি বাড়ি লালগোলা থানার অন্তর্গত ফকিরপাড়া এলাকায়। রবিবার দুপুর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন তিনি।

জানা গিয়েছে, সোমবার দুপুরে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকার লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রীর স্বামীর দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নাজিরের স্ত্রী হাসেন বানু বিবি, বর্তমানে লালগোলা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর পদে রয়েছেন। মুর্শিদাবাদে ভোট মিটতেই তৃণমূল নেত্রীর স্বামীর দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

মৃত নাজির শেখের বাড়ি লালগোলা থানার অন্তর্গত ফকিরপাড়া এলাকায়। পরিবারের দাবি, কোনও দুর্ঘটনা নয়, নাজিরের মৃত্যু ‘পরিকল্পিত খুন’। মৃতের ছেলে নাদিম শেখ জানান, রবিবার দুপুর আড়াইটে নাগাদ তাঁর বাবা বাড়ি থেকে বার হন। সঙ্গে সাইকেল ছিল না। এর পর রাত ৮টা ৪০ মিনিট নাগাদ এলাকার একটি সিসি ক্যামেরার ফুটেজে তাঁকে রঘুনাথগঞ্জের দিকে যেতে দেখা যায়। পরে বৈকুন্ঠপুর এলাকা থেকে নাজির শেখের মৃত্যুর খবর আসে। পরিবার সেখানে গিয়ে দেহ শনাক্ত করে।

পরিবারের অভিযোগ, নজির শেখ সমাজ-সেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন এবং এলাকায় সালিশি বৈঠকও করতেন। সেই কারণে তাঁর শত্রু থাকতে পারে বলেই অনুমান পরিবারের। তাঁদের দাবি, পরিকল্পনা করে খুন করা হয়েছে নাজির শেখকে। ঘটনার তদন্তে নেমেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। মৃত্যুর সঠিক কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুর ১২ টা নাগাদ রঘুনাথগঞ্জের বৈকুন্ঠপুর ঘাটে কয়েকজন ব্যক্তি স্নান করছিলেন। সেই সময় ভাগীরথী নদীতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ ভেসে যেতে দেখে। এক ব্যক্তি দেহটি পাড়ের কাছে তুলে আনেন। এর পরই রঘুনাথগঞ্জ থানায় খবর দেওয়া হয়। পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায়। এর কিছু ক্ষণের মধ্যেই রঘুনাথগঞ্জ থানার পুলিশ মৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারে।

লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক রুমা বন্দ্যোপাধ্যায় বলেন, “হাসেন বানু বিবি আমাদের দলের মহিলা ব্লক সহ-নেত্রী। তাঁর স্বামী সক্রিয় কোনও রাজনীতি করতেন না। হাসেন বানু এবারের বিধানসভা নির্বাচনে লালগোলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর হয়ে প্রায় প্রতিদিন প্রচারে অংশগ্রহণ করেছেন। গতকাল রাতে ব্লক মহিলা সভানেত্রী আমাকে  নাজিরের নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়টি জানিয়েছিলেন। এর পর রাতেই আমি তাঁকে পুলিশের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছিলাম। সোমবার সকালেও হাসেন বানু বিবি স্বামীর সন্ধানে লালগোলা থানায় গিয়েছিলেন। এর কিছু ক্ষণের মধ্যেই আমরা খবর পাই, নাজিরের দেহ রঘুনাথগঞ্জে  ভাগীরথী থেকে  উদ্ধার হয়েছে। এটি  খুন, না আত্মহত্যা, না দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু সে সম্পর্কে আমরা কেউই নিশ্চিত নই। তবে হাসেন বানু জানিয়েছেন, তাঁদের পরিবারে কোনও অশান্তি ছিল না। গতকাল দুপুরে সে বড় মেয়েকে জঙ্গিপুরে নিয়ে গিয়েছিল ডাক্তার দেখানোর জন্য। বাড়ি ফিরে এসে আর স্বামীকে দেখতে পাননি। “

মৃতের ছেলে নাদিম হাসান শেখ  বলেন, “গতকাল গভীর রাত পর্যন্ত বাবার সন্ধান না পেয়ে আমরা এলাকার সিসি ফুটেজ দেখতে শুরু করি। গতকাল সন্ধ্যা নাগাদ বাবাকে আমাদের পাশের পাড়ায়  শেষবারের মতো সিসি ক্যামেরায় দেখা গিয়েছে। এর পর তিনি কোথায় গিয়েছিলেন, তার কিছুই আমরা জানিনা।”

Previous post

Siliguri News: ভোট মিটতে না মিটতেই চাঞ্চল্যকর ঘটনা! মাটিগাড়ায় পুলিশি অভিযানে উদ্ধার লক্ষ লক্ষ টাকার ব্রাউন সুগার, গ্রেফতার ২

Next post

Bengal Election 2026 Phase 2: মিছিলে থেমে সিপিআইএম নেতাকে প্রণাম, সৌজন্যে নজর কাড়লেন বিজেপি প্রার্থী সুকান্ত বিশ্বাস

Post Comment

You May Have Missed