Business Idea: শখেই বাজিমাত! বৃদ্ধের পুকুরভর্তি পদ্ম চাষে সাফল্যের সুবাস সন্দেশখালিতে, বিকল্প আয়ের নতুন দিশা
Last Updated:
Business Idea: শখের বশে পুকুরে শুরু করেছিলেন পদ্ম চাষ। সেই শখই এখন আয়ের বড় উৎস হয়ে দাঁড়িয়েছে। সন্দেশখালির বৃদ্ধের থেকে অনুপ্রাণিত হয়ে এলাকার বহু মানুষ পদ্ম চাষে উৎসাহ দেখাচ্ছেন।
সন্দেশখালি, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: শখ থেকে আয়। সুন্দরবনে বৃদ্ধের পুকুরভর্তি পদ্ম চাষে বিরাট সাফল্য। উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালির ঢেকনামারী এলাকায় এক অনুপ্রেরণামূলক উদ্যোগ নজর কাড়ছে স্থানীয়দের। বৃদ্ধ রঞ্জন সরদার শখের বশে শুরু করেছিলেন পদ্ম চাষ। আর আজ সেই শখই হয়ে উঠেছে সম্ভাবনাময় আয়ের পথ।
জানা যায়, দূরে এক আত্মীয়ের বাড়ি থেকে কিছু পদ্মের টিউবার এনে নিজের পুকুরে রোপণ করেছিলেন তিনি। শুরুতে তেমন কোনও বড় পরিকল্পনা ছিল না। মাঝে মাঝে সামান্য পরিচর্যা করতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই পুকুরই ভরে উঠেছে ফুটন্ত পদ্মে। এই পদ্ম শুধু তার শখ পূরণেই সীমাবদ্ধ থাকেনি। এলাকায় পুজার সময় পদ্মের চাহিদা থাকায় অনেকেই তার কাছে পদ্ম নিতে আসেন। কেউ কেউ খুশি হয়ে কিছু অর্থও দিয়ে যান, যা তাকে আরও উৎসাহ জোগাচ্ছে।
বর্তমানে বাজারে প্রতিটি পদ্ম ফুল ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে, ফলে সঠিক পরিকল্পনায় এই চাষ লাভজনক হয়ে উঠতে পারে বলে মনে করছেন তিনি। পাশাপাশি, তার এই উদ্যোগ দেখে এলাকার আরও কয়েকজন পদ্ম চাষে আগ্রহ দেখাচ্ছেন। স্থানীয়দের মতে, সঠিক প্রশিক্ষণ ও সহায়তা পেলে এই পদ্ম চাষ ভবিষ্যতে একটি বিকল্প আয়ের পথ হয়ে উঠতে পারে।
North Twenty Four Parganas,West Bengal



Post Comment