‘দু’টোয় তৃণমূলের আবর্জনা’, নির্বাচনী জনসভা থেকে কাদের কথা বললেন অভিষেক ?
জগৎবল্লভপুর : “দু’টোই তৃণমূলের আবর্জনা। আমরা নোংরার বালতিতে ফেলছি, আর অমিত শাহ-নরেন্দ্র মোদি এসে কুড়িয়ে কুড়িয়ে একটা করে মাথায় বসাচ্ছেন।” জগৎবল্লভপুরের সভা থেকে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন জগৎবল্লভপুর ও ডোমজুড়ের তৃণমূল কংগ্রেস প্রার্থী যথাক্রমে সুবীর চট্টোপাধ্যায় ও তাপস মাইতির সমর্থনে সভা করেন তিনি।
কাদের আবর্জন বললেন ?
অভিষেক বলেন, “আমরা ডোমজুড় থেকে যাকে প্রার্থী করেছি…তাপস মাইতি…সাধারণ পরিবার থেকে উঠে আসা। ২৫ বছরের বেশি তৃণমূল কংগ্রেসের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। বর্তমান সাড়ে তিন-চার বছর ধরে ডোমজুড় ব্লক প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন দক্ষতার সঙ্গে। অন্যদিকে, বিজেপির যিনি প্রার্থী একাধিক বছর খুব সম্ভবত জগদীশপুরের প্রধান ছিলেন। তাঁর বিরুদ্ধে দুর্নীতির কিছু অভিযোগ তৃণমূলের কাছে আসে। যে-ই বুঝতে পেরেছে তৃণমূল আমাকে ঘাড় ধরে জেলে ঢোকাবে…২০২১ সালে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছে। আগে চোর, ডাকাত, খুনিরা জেলে যেত এখন বিজেপিতে যায়। যার বিরুদ্ধে পুলিশ অভিযান চালিয়ে… তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল আমার মনে আছে, চার বছর আগে একটা মামলা হয়েছিল, সেই গোবিন্দ হাজরা হচ্ছেন বিজেপি প্রার্থী।”
তাঁর সংযোজন, “অন্যদিকে, যদি আমি জগৎবল্লভপুরে দেখি, সুবীর চট্টোপাধ্যায়ও প্রায় ২৫ বছরের বেশি নিরবিচ্ছিন্নভাবে-ধারাবাহিকভাবে তৃণমূলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে সাংগঠনিক দায়িত্ব নিয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে চলেছেন। ১৯৯৮ সালে পার্বতীপুর অঞ্চলের আহ্বায়ক হিসাবে কাজ শুরু করেছেন। ধাপে ধাপে ২০০৩ সালে প্রধান, ২০০৮-এ উপপ্রধান, ২০১৩-য় পঞ্চায়েত সমিতির সদস্য, ২০২২ অবধি ব্লকের সাধারণ সম্পাদক এবং ২০২২ থেকে ব্লকের সভাপতি। অন্যদিকে, জগৎবল্লভপুরের যিনি বিজেপি প্রার্থী তিনিও তৃণমূলের আবর্জনা। দু’টোই তৃণমূলের আবর্জনা। আমরা নোংরার বালতিতে ফেলছি, আর অমিত শাহ-নরেন্দ্র মোদি এসে কুড়িয়ে কুড়িয়ে একটা করে মাথায় বসাচ্ছেন।”
তাঁদের বিরুদ্ধে সুর আরও চড়িয়ে তিনি বলেন, “যাদের কোনও গ্রহণ-যোগ্যতা নেই, পরিচিতি নেই, মানুষের পাশে থাকে না। আলুর বস্তায় পচা আলু থাকে, পিঁয়াজের বস্তায় পচা পিঁয়াজ থাকে। এগুলো তৃণমূল ফেলে দিচ্ছে। এগুলো বিজেপি নিয়ে জগা খিঁচুড়ি করে আপনাদের খাওয়াতে চাইছে। এগুলো খেলে আপনাদের পেট খারাপ হবে। এগুলোকে বর্জন করতে হবে।” প্রসঙ্গত, আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট। সেই উপলক্ষে আজও মমতা বন্দ্য়োপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক জনসভা করছেন। Bengal Election 2026



Post Comment