আইপিএলে পন্থদের বিরুদ্ধে ম্যাচের আগে বারাণসীতে পুজো, রিঙ্কু-অনুকূলের সঙ্গে কে এই মহিলা?
বারাণসী: তিনি কলকাতা নাইট রাইডার্সের প্রাণভোমরা। এবার তাঁর কাঁধে বাড়তি দায়িত্ব। দলের সহ অধিনায়ক করা হয়েছে তাঁকে। চলতি আইপিএ-এ কেকেআরকে প্রথম জয় উপহারও দিয়েছে তাঁর ব্যাট।
তিনি, রিঙ্কু সিংহ। আইপিএলে কেকেআরের পরের ম্যাচ লখনউয়ে। ঋষভ পন্থ, মহম্মদ শামিদের লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। সেই ম্যাচের আগে বারণসীতে পুজো দিলেন রিঙ্কু। সঙ্গে অনুকূল রায়। আগের ম্যাচের দুই নায়ক। আর তাঁদের সঙ্গেই ছিলেন এক মহিলাও। কে তিনি?
ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিংহ আইপিএল-এ কেকেআরের হয়ে খেলছেন। তিনি দলের সহ অধিনায়ক। যদিও তাঁর দলের যাত্রা এখনও পর্যন্ত প্রত্যাশিতভাবে এগোয়নি। সপ্তম ম্যাচে কেকেআর মরশুমের প্রথম জয় পেয়েছে। KKR-এর পরবর্তী ম্যাচ লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে। যে ম্যাচ খেলতে লখনউ পৌঁছে গিয়েছে দল। এরই মধ্যে রিঙ্কু ও অনুকূলরা পুজো দিলেন বারাণসীতে। বিখ্যাত দশাশ্বমেধ ঘাটে আরতিও করলেন। সঙ্গে ছিলেন রিঙ্কুর বাগদত্তা প্রিয়া সরোজ। দুজনে কাশী বিশ্বনাথের দর্শন করেন এবং গঙ্গা আরতিতে অংশ নেন। এই সফরে তাঁদের বিয়ে নিয়েও আলোচনা হয়েছে বলে খবর।
রিঙ্কু সিংহের হবু স্ত্রী প্রিয়া সরোজ উত্তর প্রদেশের মছলি শহর লোকসভা কেন্দ্র থেকে সমাজবাদী পার্টির সাংসদ। রিঙ্কু এবং প্রিয়া ২১ এপ্রিল বারাণসী পৌঁছন। দুজনে মঙ্গলবার কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো-অর্চনা করেন এবং আশীর্বাদ নেন। দুজনে একটি যৌথ পোস্টে কিছু ছবি শেয়ার করে লিখেছেন, ‘কাশী, মহাদেবের ভূমি এবং গঙ্গার পবিত্র সঙ্গ’।
প্রায় আধ ঘণ্টা মন্দিরে কাটানোর পর রিঙ্কু এবং প্রিয়া নৌকায় করে কাশীর ঘাটগুলি দেখেন। সন্ধ্যায় তাঁরা দশাশ্বমেধ ঘাটে পৌঁছন, যেখানে গঙ্গা আরতিতে অংশ নেন। তাঁদের দেব দীপাবলির জন্যও আমন্ত্রণ জানানো হয়েছে। রিঙ্কু আশ্বাস দিয়েছেন যে, তিনি আসার জন্য সম্পূর্ণ চেষ্টা করবেন।
রিঙ্কু সিং-প্রিয়া সরোজের বিয়ে কবে?
শোনা যাচ্ছে, রিঙ্কু এবং প্রিয়ার বিয়ে জুন মাসের প্রথম সপ্তাহে হবে। এমনও শোনা যাচ্ছে যে, বিয়ে বারাণসীর হোটেল তাজ-এ হতে পারে। বারাণসীতে পৌঁছে রিঙ্কু এবং প্রিয়া হোটেল তাজ-এই ছিলেন। এই কারণে সম্ভাবনা রয়েছে যে তাঁরা দুজনে বিয়ের প্রস্তুতিও খতিয়ে দেখেছেন।
আরও পড়ুন: ভোটের প্রচারে ক্রিস গেল! নির্বাচনী আবহে বিরাট চমক, কাকে সমর্থন করলেন?
রিঙ্কু সিংহ ভারতের হয়ে একদিনের আন্তর্জাতিক এবং টি-টোয়েন্টিতে খেলেছেন। তিনি ২টি একদিনের আন্তর্জাতিক এবং ৪৫টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তিনি ২০১৮ সাল থেকে আইপিএল খেলছেন এবং প্রথম সংস্করণ থেকে KKR-এর সঙ্গেই রয়েছেন।
আরও পড়ুন: গুরুতর অভিযোগ পাকিস্তান ক্রিকেটারের বিরুদ্ধে, টি-২০ বিশ্বকাপের সময় মারাত্মক কাণ্ড!



Post Comment