North Dinajpur News: এক মাসের মধ্যে ফের অঘটন! কুলিক নদীতে ডুবে দুই স্কুল ছাত্রের মৃত্যু, পরিবারে শোকের ছায়া
Last Updated:
North Dinajpur News: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দুই স্কুল পড়ুয়া আরও কয়েকজন বন্ধুর সঙ্গে নদীতে স্নান করতে নামে। সেই সময় ঘটে অঘটন। জোড়া মৃত্যুর এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন পুরপ্রশাসক সন্দীপ বিশ্বাস।
রায়গঞ্জ, উত্তর দিনাজপুরঃ মাসখানেক আগে কুলিক নদীতে স্নান করতে নেমে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার অঘটন। এবার জলে ডুবে মৃত্যু হল রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের দুই পড়ুয়ার। বুধবার রায়গঞ্জের শিয়ালমণি এলাকায় ঘটনাটি ঘটেছে।
জানা যাচ্ছে, মৃতদের নাম বিশ্বজিৎ দাস এবং প্রীতম আচার্য। বয়স ১৬-১৭ বছরের মধ্যে। তাঁদের বাড়ি পূর্ব কলেজপাড়া ও বীরনগর এলাকায়। দু’জনেই রায়গঞ্জের করোনেশন হাই স্কুলের একাদশ শ্রেণির পড়ুয়া ছিল। এভাবে একসঙ্গে দুই কিশোরের মৃত্যুতে আত্মীয়স্বজন ও পরিচিতদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
এলাকাবাসীর কথায়, নদীঘাটে আরও বেশি করে নজরদারি দরকার। ইতিমধ্যেই দুই কিশোরের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। মর্মান্তিক এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন পুরপ্রশাসক সন্দীপ বিশ্বাস।
সন্দীপবাবু বলেন, “এভাবে দু’টো ছেলের মৃত্যু ভাবাই যাচ্ছে না। একমাসও হয়নি কুলিক নদীতে ডুবে অশোকপল্লির একটি ছেলের মৃত্যু হয়েছে। এসব ঘটনা অত্যন্ত দুঃখজনক”।
এই বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার কথা বলেন পুরপ্রশাসক। বাচ্চারা যাতে এভাবে নির্জন নদীঘাটে চলে না আসে, সেই বিষয়টি দেখার কথা বলেন তিনি। একইসঙ্গে জানান, ভোট মিটলে এই নিয়ে পুলিশ ও পুরপ্রশাসন মিলে আলোচনা করা হবে। মাইকিং করে মানুষকে সচেতন করা হবে।
সাম্প্রতিক অতীতে রাজ্যের নানা প্রান্ত থেকে নদীতে ডুবে মৃত্যুর ঘটনা সামনে এসেছে। এবার রায়গঞ্জে কুলিক নদীর জলে ডুবে প্রাণ হারাল দুই স্কুল পড়ুয়া। দুই বন্ধুর এই মর্মান্তিক পরিণতিতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
Uttar Dinajpur,West Bengal




Post Comment