আইপিএলের মাঝপথেই পঞ্জাব কিংস শিবির ছাড়লেন তারকা ক্রিকেটার, কিন্তু কেন?

আইপিএলের মাঝপথেই পঞ্জাব কিংস শিবির ছাড়লেন তারকা ক্রিকেটার, কিন্তু কেন?

নয়াদিল্লি: গতবার অল্পের জন্য তীরে এসেও তরী ডুবেছিল। আইপিএলের ফাইনালে পরাজিত হয়েছিল পঞ্জাব কিংস। তবে এবার (IPL 2026) যেন এক পা এগিয়ে নিজেদের প্রথম খেতাব জিততে বাড়তি উদ্যম নিয়ে মাঠে নেমেছে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দল। আইপিএলে তড়তড়িয়ে ছুটছে পঞ্জাব কিংসের বিজয়রথ। মরশুমের ৩১টি ম্য়াচ শেষে তারাই একমাত্র অপরাজিত দল। সবথেকে বেশি পয়েন্ট লিগ তালিকার শীর্ষেও স্বাভাবিকভাবেই পঞ্জাব কিংস। তবে এই দুরন্ত মরশুমের মাঝেই দুঃসংবাদ। পঞ্জাব শিবির ছাড়লেন তারকা ক্রিকেটার।

কথা হচ্ছে কুপার কনোলিকে (Cooper Connolly) নিয়ে। নিজের প্রথম আইপিএল মরশুমে মাঠে নেমেই দুরন্ত পারফর্ম করছেন তরুণ অস্ট্রেলিয়ান ক্রিকেটার। ছয় ম্যাচ খেলে ৫৫.৭৫ গড়ে এবং ১৬৩.৯৭ স্ট্রাইক রেটে দলের হয়ে সর্বাধিক ২২৩ রানও করেছেন কুপার কনোলি। গত ম্যাচেই তো তিনি লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৪৬ বলে ৮৭ রানের ইনিংস খেলেছিলেন বাঁ-হাতি ক্রিকেটার। তাঁকে ঘিরে পঞ্জাব কিংসের অনেক আশা, ভরসা। তবে আইপিএলের মাঝেই দেশে ফিরলেন পঞ্জাব দলের তারকা ক্রিকেটার। কিন্তু ঠিক কী কারণে কনোলিকে অস্ট্রেলিয়ায় ফিরতে হল?   

২২ বছর বয়সি অলরাউন্ডার কনোলি আইপিএলে ব্যাটিং করলেও, তাঁকে বোলিং করতে দেখা যায়নি। আসলে তিনি পিঠের চোটে ভুগছেন। তিনি কতটা ফিট হয়েছেন, সেই পরীক্ষা দিতেই অস্ট্রেলিয়ায় ফিরে যেতে হয়েছে কনোলিকে। নিজের সোশ্যাল মিডিয়ায় অস্ট্রেলিয়ায় পৌঁছে বিমানবন্দর থেকে একটি ছবিও শেয়ার করেন কনোলি। শনিবার, ২৫ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নামবে পঞ্জাব কিংস। সেই ম্যাচের আগে কনোলিকে ক্রিকেট অস্ট্রেলিয়া ফিটনেস পরীক্ষা শেষে ভারতে ফিরতে দেয় কি না, সেই দিকে কিন্তু অনেকেরই নজর থাকবে।

 

অস্ট্রেলিয়ায় পৌঁছে কনোলির ইনস্টাগ্রাম স্টোরি

কনোলি যদি একান্তই না খেলতে পারেন, তাহলে তা নিঃসন্দেহেই পঞ্জাবের জন্য বড় ধাক্কা হবে। অবশ্য কনোলি বাদেই দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার থেকে দুই ওপেনার প্রভসিমরন সিংহ, প্রিয়াংশ আর্য, সকলেই পঞ্জাবের হয়ে বেশ ভাল ফর্মে রয়েছেন। শ্রেয়সের অধিনায়কত্বেরও প্রচুর প্রশংসা হচ্ছে। এমনকী আর অশ্বিন তো এখনই শ্রেয়সকে ভারতীয় দলের অধিনায়কও ঘোষণা করার দাবি জানিয়েছেন। সম্প্রতি এক আলোচনায় তাঁকে বলতে শোনা যায়, ‘এত কিছুর পরও যদি ভারতীয় টি-টোয়েন্টি ক্রিকেট দলের ক্যাপ্টেন হিসেবে শ্রেয়সকে বেছে না নেওয়া হয়, তাহলে আমি বলব এটা শ্রেয়সের ক্ষতি না। এটা ভারতীয় ক্রিকেটের ক্ষতি, বিসিসিআইয়ের ক্ষতি।’

Previous post

Calcutta High Court: ৮০০ তৃণমূল নেতার গ্রেফতারির আশঙ্কায় জনস্বার্থ মামলা, প্রথম দফার ভোটের আগের দিন বড় নির্দেশ দিল হাইকোর্ট!

Next post

ভোটে ভূমিকা থাকছে না সিভিক ভলান্টিয়ার, ভিলেজ ও গ্রিন পুলিশের; শুধু সাদা পোশাকে ভোট দিতে পারবে

Post Comment

You May Have Missed