Nadia News: খেলতে খেলতে গঙ্গায় তলিয়ে গেল দুই কলেজ পড়ুয়া, তন্নতন্ন করে খুঁজছে ডুবুরিরা! পরিবারে এখন শুধু হাহাকার
Last Updated:
Nadia News: গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই কলেজ ছাত্র। বেলা প্রায় ১২টা নাগাদ তারা স্কুটিতে করে ঘোষপাড়া ঘাটে গঙ্গায় স্নান করতে নামে। ঘাটে থাকা কয়েকজন শিশু বিষয়টি প্রথমে লক্ষ্য করে এবং তাদের বাঁচানোর চেষ্টা করে জলে বাঁশ ফেলে কিন্তু শেষ রক্ষা হয়নি।
নবদ্বীপ, নদিয়া, মৈনাক দেবনাথ: নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই কলেজ ছাত্র। শোকে স্তব্ধ এলাকা। নদিয়ার নবদ্বীপে গঙ্গার জলে তলিয়ে গেল দুই যুবক। ঘটনাটি ঘটেছে ঘোষপাড়া ঘাট এলাকায় গৌরাঙ্গ সেতুর নিচে। নিখোঁজ দুই যুবকের নাম সীমান্ত সরকার ও রাকেশ মন্ডল। দু’জনে বয়স প্রায় ১৯ বছর। তাঁরা স্থানীয় কানাই নগর বটতলা এলাকার বাসিন্দা। তারা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানা গিয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ বাড়ি থেকে বের হয় দুই বন্ধু। এরপর বেলা প্রায় ১২টা নাগাদ তারা স্কুটিতে করে ঘোষপাড়া ঘাটে গঙ্গায় স্নান করতে নামে। প্রত্যক্ষদর্শীদের দাবি, স্নানের সময় তারা জলে খেলতে খেলতে হঠাৎই তলিয়ে যেতে শুরু করে। ঘাটে থাকা কয়েকজন শিশু বিষয়টি প্রথমে লক্ষ্য করে এবং তাঁদের বাঁচানোর চেষ্টা করে জলে বাঁশ ফেলে। কিন্তু তাতে কোনও লাভ হয়নি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ থানার পুলিশ। পরিবারের সদস্যদেরও খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই বিপর্যয় মোকাবিলা দফতরের দল এসে তল্লাশি অভিযান শুরু করে এবং ডুবুরি নামানো হয় গঙ্গায়। বিকেল গড়িয়ে গেলেও দুই কিশোরের দেহ উদ্ধার করা সম্ভব হয়নি বলেই জানা গিয়েছে সূত্র মারফত। ঘটনাস্থল থেকে একটি স্কুটি উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, সেটি তলিয়া যাওয়া দুই যুবকের।
এদিকে স্থানীয় বাসিন্দা কমল চন্দ্র সরকারের অভিযোগ, ডুবুরি পৌঁছতে অনেক দেরি হয়েছে। তাঁর দাবি, কৃষ্ণনগর থেকে ডুবুরি আসতে প্রায় আড়াই ঘণ্টা সময় লেগেছে, যার ফলে উদ্ধারকাজে বিলম্ব ঘটে। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারের পাশাপাশি গোটা এলাকায়। প্রশাসনের তরফে তল্লাশি অভিযান এখনও জারি রয়েছে বলে খবর।
Nadia,West Bengal
Nadia News: খেলতে খেলতে গঙ্গায় তলিয়ে গেল দুই কলেজ পড়ুয়া, তন্নতন্ন করে খুঁজছে ডুবুরিরা! পরিবারে এখন শুধু হাহাকার




Post Comment