‘মমতা-মোদি ভাই-বোনের মতো, এদের ভরসা করা যায় না’, যৌথ সভা থেকে তীব্র আক্রমণ ওয়েইসির
নওদা : জোটের পর এই প্রথম যৌথ সভা করলেন আসাদউদ্দিন ওয়েইসি ও হুমায়ুন কবীর। মুর্শিদাবাদের নওদায় মিম ও জনতা উন্নয়ন পার্টির যৌথ সভা থেকে মোদি-মমতাকে এক সারিতে বসিয়ে তীব্র আক্রমণ শানালেন আসাদউদ্দিন ওয়েইসি। তৃণমূল-বিজেপির বিরুদ্ধে সেটিংয়ের অভিযোগেও সরব হলেন মিম প্রধান। ওয়েইসি বলেন, “আপনারা ভাল করে এটা ভেবে দেখুন, আমাদের গুরুজনরা কংগ্রেসকে ভোট দিয়েছিলেন, তাতে আমাদের কোনও লাভ হয়েছে ? আমাদের ছেলে-মেয়েরা চাকরি পেয়েছে ? তারপরে আমরা বামফ্রন্টের পাশে দাঁড়াই। তাতে বাংলার মুসলিম সংখ্যালঘুদের কী লাভ হল ? না আমাদের পরিস্থিতি বদলেছে, না আমরা চাকরি পেয়েছি ! তারপরে আপনারা তৃণমূলকে ১৫ বছর ভোট দিলেন। বলুন, তৃণমূল এমন কোনও কাজ করেছে যাতে মুসলিমদের লাভ হয় ? মমতা-মোদি ভাই-বোনের মতো, এদের ভরসা করা যায় না।’
হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট করে লড়াইয়ের ঘোষণার পর থেকেই MIM-কে ‘ভোট কাটুয়া পার্টি’, ‘বিজেপির B-টিম’ বলে আক্রমণ শানাতে শুরু করেছে তৃণমূল। সেই তকমা ঘোচাতে দিনকয়েক আগে নন্দীগ্রামের প্রসঙ্গ তোলেন আসাদউদ্দিন ওয়েইসি। বলেন, নন্দীগ্রাম আন্দোলনের সময় তিনি এবং আরেক সাংসদ আবদুল ওয়াহাব দিল্লি থেকে এসেছিলেন। আর তাঁদের আন্দোলনস্থলে নিয়ে গেছিলেন শুভেন্দু অধিকারী।
হুমায়ুন কবীরের সঙ্গে জোট বেঁধে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে লড়ছেন মিম। খুব কম সংখ্য়ক আসনে প্রার্থী দিতে চললেও, তাঁর লক্ষ্য় কী, তা প্রথম দিনই স্পষ্ট করে দিয়েছেন আসাদউদ্দিন ওয়েইসি ! কখনও টেনে আনেন গুজরাত হিংসার প্রসঙ্গ, মমতা বন্দ্য়োপাধ্য়ায়, নরেন্দ্র মোদির প্রসঙ্গ…কখনও আবার নন্দীগ্রামের আন্দোলনের কথা, শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ !
তিনি বলেন, “যখন নন্দীগ্রাম হয়েছিল, তখন আমি আর আবদুল ওয়াহাব, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের সাংসদ দিল্লি থেকে এসেছিলাম। আমি আর আবদুল ওয়াহাব দু’জন এসেছিলাম। এয়ারপোর্ট থেকে আমাদের নন্দীগ্রামে কে নিয়ে গেছিলেন জানেন আপনারা ? শুভেন্দু। মমতা ব্যানার্জি তখন আমাদের কি ধন্যবাদ জানাননি ? তখন কি আমি ভাল ছিলাম, আর আজ খারাপ হয়ে গেলাম ? এটা রাজনৈতিক সুবিধাবাদ।”
জবাবে শুভেন্দু অধিকারী বলেছিলেন, “আমি নন্দীগ্রাম আন্দোলনে ছিলাম। সিপিএম শাহি ইমাম যে আছে দিল্লিতে জামা মসজিদের শাহি ইমামকে এনেছিল। আমাদের আন্দোলন ভাঙার জন্য। তখন ওয়েইসি সাহেব এসেছিলেন। হায়দরাবাদের সাংসদ হিসেবে। তিনি মুসলমান মুখ্যমন্ত্রী করতে আসেননি। তিনি এসেছিলেন আন্দোলনকারীর পাশে দাঁড়াতে।”



Post Comment