Post Office: বারুইপুর ডাকঘরে বন্ধ এই পরিষেবা! সংশোধন হচ্ছে না আধার কার্ড  

Post Office: বারুইপুর ডাকঘরে বন্ধ এই পরিষেবা! সংশোধন হচ্ছে না আধার কার্ড  

Last Updated:

বারুইপুর–এর বাসিন্দারা সমস্যায় পড়েছেন, কারণ স্থানীয় ডাকঘরে আধার আপডেট পরিষেবা বন্ধ রয়েছে। কবে পরিষেবা স্বাভাবিক হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বারুইপুর পোস্ট অফিসে আধার আপডেট পরিষেবা বন্ধ
বারুইপুর পোস্ট অফিসে আধার আপডেট পরিষেবা বন্ধ

বারুইপুর : জেলার ব্যস্ততম এলাকার মধ্যে অন্যতম শহর বারুইপুর। আর বারুইপুর শহরের সাব ডিভিশনের প্রধান ডাকঘরে আধার কার্ড আপডেট থেকে শুরু করে সংশোধন-সব কাজই বন্ধ। কারণ হিসেবে ডাকঘর কর্তৃপক্ষ পোস্টার সেঁটে জানিয়েছে, তীব্র কর্মী সংকটের কারণেই কাজ বন্ধ। এনিয়ে বারুইপুর প্রধান ডাকঘরের পোস্টমাস্টার বলেন, পোস্টারের মাধ্যমে যা জানানো হয়েছে, সেটাই সমস্যা। আর কিছু বলব না।

পাশাপাশি, বারুইপুরের স্থানীয় কিছু ব্যাঙ্ক এবং বিএসএনএলের টেলিফোন কেন্দ্রেও এই কাজ বন্ধ। কম্পিউটারে লিংক না থাকায় ফিরে যেতে হচ্ছে মানুষজনকে। সব মিলিয়ে তীব্র ভোগান্তিতে দূর থেকে আসা মানুষজন। বারুইপুর প্রধান ডাকঘরের উপর নির্ভরশীল দক্ষিণ ২৪ পরগনা জেলার একটি বড় অংশের বাসিন্দা।

সুদূর সুন্দরবনের মৈপীঠ থেকে কুলতলির মানুষজনকে আসতে হয় এই ডাকঘরে। কিন্তু সেখানে পোস্টার সেঁটে জানিয়ে দেওয়া হয়েছে, তীব্র কর্মী সংকটের কারণে ৭ জানুয়ারি থেকে আধার কার্ডের সব কাজ সাময়িক বন্ধ। যাঁদের তারিখ দেওয়া হয়েছে, তাঁদের ১-২ মাস পরে আসার জন্য বলা হচ্ছে।

মার্চ পর্যন্ত কোনও তারিখ দেওয়া হবে না। কুলতলি থেকে আসা এক গ্রাহক রমেন হালদার বলেন, একটা প্রধান ডাকঘরে যদি এই সমস্যা হয়, তবে মানুষ কোথায় যাবে কবে সমস্যার সমাধান হবে তাও জানা নেই।

বারুইপুরের বাসিন্দা ইন্দ্রজিৎ সেনগুপ্ত বলেন, বারুইপুরের স্থানীয় ব্যাংকগুলিতেও নানা কারণে আধার কার্ডের যাবতীয় কাজ বন্ধ। আবার বিএসএনএলের টেলিফোন কেন্দ্রে দু’দিন আধার কার্ডের কাজ হয়। কিন্তু সেখানেও কম্পিউটারে লিংক থাকছে না। ফলে বেশ কয়েক ঘণ্টা অপেক্ষা করে মানুষজনকে ফিরে যেতে হচ্ছে। প্রধান ডাকঘরে কবে সমস্যা মিটবে তাও বলতে পারছেন না কর্মীরা।

সুমন সাহা

Post Comment

You May Have Missed