রশ্মিকাকে মঙ্গলসূত্রে পরাতে গিয়ে ‘বেজায় ভয় পেয়েছিলেন’ বিজয় !
Vijay Rashmika Wedding: রশ্মিকা মান্দানার গলায় মঙ্গলসূত্র পরাতে গিয়ে ভয় পেয়ে গিয়েছিলেন বিজয় দেবেরাকোন্ডা ! এমনটা সত্যিই হয়েছে। তবে রিয়েল লাইফে নয়, রিল লাইফে। গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে চারহাত এক হয়েছে রশ্মিকা-বিজয়ের। তাঁদের বিয়ের ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ার সর্বত্র। আর এর সঙ্গে সঙ্গেই নতুন করে ভাইরাল হয়েছে বিজয় এবং রশ্মিকার বিখ্যাত ছবি ‘গীতা গোবিন্দম’- এর একটি দৃশ্য। সেখানেও দেখা গিয়েছে বিয়ে হচ্ছে রশ্মিকা এবং বিজয়ের। ২০১৮ সালে এই রোম্যান্টিক ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন বিজয় এবং রশ্মিকা। বক্স অফিসে দুরন্ত সাফল্য পেয়েছিল এই সিনেমা। পরে হিন্দিতেও ডাবিং হয় এই ছবিটির।
এই সিনেমার বিয়ের দৃশ্যে অভিনয় করতে গিয়েই ভয় পেয়েছিলেন বিজয় দেবেরাকোন্ডা। ‘গীতা গোবিন্দম’- এর একটি দৃশ্যে দেখা গিয়েছে, রশ্মিকার গলায় মঙ্গলসূত্র বেঁধে দিচ্ছেন বিজয়। এই দৃশ্যে অভিনয় করতে গিয়েই একটু ভয় পেয়ে গিয়েছিলেন অভিনেতা। ঠিক কী ঘটেছিল? এই ছবির প্রচার করার সময় একটি সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন বিজয়। অভিনেতার কথায়, ‘বিয়ের মণ্ডপে বসে থাকা অবধি ঠিক ছিল। কিন্তু একটা দৃশ্য ছিল যেখানে আমায় রশ্মিকার গলায় মঙ্গলসূত্রর তিনটে গিঁট বাঁধতে হত। আমি জানতাম ওটা শুধুই সিনেমার একটা দৃশ্য। কিন্তু তাও মনে হচ্ছিল এটা কী হচ্ছে? একদিকে সিল্কের শাড়ি পরে বসে রয়েছে রশ্মিকা। আমিও ট্র্যাডিশনার ধুতি পরেছি। সব দেখে মনে হচ্ছে একদম আসল বিয়ে। ফুল, বাকি সব সাজসজ্জা একদম ঠিক ছিল। এরপর আমায় ওরা বলল মঙ্গলসূত্র পরিয়ে শট দিতে হবে। আমি রশ্মিকাকেও বলেছিলাম এটা খুব অদ্ভুত। ওর অবশ্য ওটা স্ক্রিনে তৃতীয়বার বিয়ে হচ্ছিল, তাই ওর কোনও অসুবিধা হয়নি।’
‘গীতা গোবিন্দম’- এর সময় থেকে কানাঘুষো শোনা গিয়েছিল রশ্মিকা এবং বিজয়ের দুর্দান্ত ‘কেমিস্ট্রির’ কথা। যদিও শোনা যায় ২০২১ সাল থেকে নাকি সম্পর্কে ছিলেন দুই তারকা। তবে নিজেদের সম্পর্ক বিয়ের আগে পর্যন্ত একেবারেই ব্যক্তিগত রেখেছিলেন রশ্মিকা এবং বিজয়। যদিও সোশ্যাল মিডিয়ায় তাঁদের ছবি দেখে অনুরাগীদের বুঝতে বাকি ছিল না যে মাঝেমধ্যেই একসঙ্গে বেড়াতে যান বিজয় এবং রশ্মিকা। এতদিন সম্পর্ক গোপন রাখলেও ২০২৬- এর ফেব্রুয়ারিতে বিয়ের কথা সোশ্যাল মিডিয়াতেই ঘোষণা করেন বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মান্দানা। কাছের মানুষদের নিয়ে উদয়পুরে একেবারে রাজকীয় ভাবে বিয়ে সেরেছেন দুই তারকা। বিজয় এবং রশ্মিকার বিয়ের সাজ-পোশাক এখন সকলের চর্চার বিষয়। ট্র্যাডিশনার সাজে বর-কনে দু’জনকেই বিয়ের আসরে লাগছিল মায়াবী, মোহময়ী।



Post Comment