তৃণমূল বিধায়কের সঙ্গে হাওড়াকাণ্ডের অভিযুক্তর ছবি-ভিডিও, বিতর্কে পাল্টা সাফাই শাসক নেতার

তৃণমূল বিধায়কের সঙ্গে হাওড়াকাণ্ডের অভিযুক্তর ছবি-ভিডিও, বিতর্কে পাল্টা সাফাই শাসক নেতার

Howrah Shootout: খুনে অভিযুক্তের সঙ্গে ভিডিও, অস্বস্তির মুখে আক্রমণে তৃণমূল বিধায়ক। ‘অর্জুন সিংহের সঙ্গে হারুন খানেরও ঘুরে বেড়ানোর ছবি আছে। প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতারণায় অভিযুক্ত নীরব মোদিরও ছবি আছে। তাহলে কি প্রমাণিত হয় দেশের প্রধানমন্ত্রী টাকা নিয়েছেন?’ হারুন খানের সঙ্গে ভিডিও-বিতর্কে পাল্টা সাফাই তৃণমূল বিধায়কের। 

হাওড়ায় হত্য়াকাণ্ডে অন্যতম অভিযুক্ত হারুন খানের সঙ্গে হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর একাধিক ভাইরাল ভিডিও প্রকাশ্য়ে এসেছে। এনিয়ে, তৃণমূল বিধায়কের দাবি, আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব, সবার সাথে ছবি থাকতে পারে। পাল্টা অর্জুন সিংয়ের সঙ্গে হারুন খানের ছবি সামনে এনেছেন হাওড়া উত্তরের বিধায়ক গৌতম চৌধুরী। হাওড়া উত্তরের প্রাক্তন বিধায়ক ও মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লর সঙ্গেও অভিযুক্ত হারুন খানের ভাইরাল ছবি সামনে এসেছে। যদিও এই প্রসঙ্গে লক্ষ্মী রতন শুক্লর কোনও বিবৃতি পাওয়া যায়নি। 

হাওড়ায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে, গুলি করে খুন করা হল প্রোমোটারকে। CCTV ক্য়ামেরায় ধরা পড়েছে ভয়ঙ্কর হত্যাকাণ্ডের ছবি। ২ আততায়ী পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ৪ রাউন্ড গুলি করে ওই প্রোমোটারকে। এখনও অধরা আততায়ীরা। খুনে অভিযুক্ত হারুন খান ভিন দেশের নাগরিক বলেও অভিযোগ উঠেছে। ফিল্মি কায়দায় হাওড়ার গোলাবাড়ি থানার অন্তর্গত পিলখানা রোড এলাকায় ঝাঁঝরা করে দেওয়া হয়েছে ২৭ বছরের প্রোমোটার সফিক খানকে। এই হত্যাকাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত হারুন খানকে দেখা গিয়েছে হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর সঙ্গে। কখনও বিধায়কের বাইকের পিছনে বসে রয়েছে হারুন। কখনও বা একসঙ্গে মিছিলে হাঁটতে দেখা গিয়েছে তাদের। আর এই সমস্ত ছবি-ভিডিও প্রকাশ্যে আসতেই অস্বস্তি বেড়েছে শাসকদলের। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। তৃণমূলকে একহাত নিতে পিছপা হয়নি বিজেপি। 

হাওড়ার গোলাবাড়ির পিলখানায় হাড়হিম করা হত্যাকাণ্ডে এখনও অধরা মূল অভিযুক্ত রোহিত হোসেন আর হারুন খান। একদিন পার হয়ে গেলেও তাদের নাগাল পেল না পুলিশ। সূত্রের খবর, প্রোমোটারকে নৃশংসভাবে খুনের পরে সেখান থেকে পালানোর জন্য প্রথমে পথ চলতে একটি বাইককে থামানোর চেষ্টা করেন দু’জনে। সেই বাইক চালক গাড়ি থামাতে রাজি হয়নি। এরপরে আরেকটি বাইকে চেপে চম্পট দেয় দু’জনে। সেই বাইকটি কার খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বাইকে করে হাওড়ার অলি, গলি দিয়ে বেশ কিছুটা পালিয়ে আসে দুই আততায়ী। তারপরে একটি ট্যাক্সিতে ওঠে তারা। সেখান থেকে সোজা জোড়াসাঁকোতে পৌঁছে যায়। ধৃত ৩ জনের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল দুই আততায়ীর। 

হাওড়ার পিলখানায় প্রোমোটার সফিক খানকে খুনের ঘটনায় ৩ অভিযুক্তকে গ্রেফতার করল গোলাবাড়ি থানা। ধৃত ৩৬ বছর বয়সি মহম্মদ বিলাল কলকাতার জোড়াসাঁকো থানার কলাবাগান এলাকার বাসিন্দা। ধৃত ৩২ বছর বয়সি মহম্মদ ওয়াকিল ওরফে মুন্না ও  দিলদার হোসেন বউবাজার এলাকার বাসিন্দা। গতকাল গভীর রাতে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা এবং গোলাবাড়ি থানা গোপন সূত্রে খবর পেয়ে জোড়াসাঁকোর গোপন আস্তানা থেকে ৩ জনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, সফিক খানকে খুনের পরে হারুন খান এবং রোহিত হোসেন জোড়াসাঁকোয় মহম্মদ বিলালের কাছে আশ্রয় নেয়। হারুন খান ও রোহিত হোসেনের কাছে নিয়মিত যাতায়াত ছিল ধৃত তিন জনের। দুই মূল অভিযুক্তর খোঁজ পেতে তিনজনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। ধৃতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে গোলাবাড়ি থানার। 

Post Comment

You May Have Missed