Left ISF Alliance: বুধবারও আসন রফা চূড়ান্ত হল না, বাম-আইএসএফ জোট সমঝোতা কোথায় আটকে? জানালেন নওশাদ
Last Updated:
বুধবার আলিমুদ্দিন স্ট্রিটে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে আলোচনা হয় নওশাদ সিদ্দিকির৷
বুধবার আরও এক দফা আলোচনার পরেও বামেদের সঙ্গে আইএসএফ-এর আসন রফা চূড়ান্ত হল না৷ বুধবার আলিমুদ্দিন স্ট্রিটে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে বৈঠক করেন আইএসএফ প্রধান নওশাদ সিদ্দিকি৷ আলোচনা শেষে নওশাদ জানিয়েছেন, আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বামেদের পক্ষ থেকে আরও দু-একদিন সময় চাওয়া হয়েছে৷ নওশাদের আশা, আগামী সপ্তাহের মধ্যেই বামেদের সঙ্গে তাঁদের আসন সমঝোতা চূড়ান্ত হয়ে যাবে৷
নওশাদ জানিয়েছেন, ২০২১ সালে জোট হওয়ার পরেও অনেক আসনে তাদের বিরুদ্ধে প্রার্থী দিয়েছিল বাম শরিক ফরওয়ার্ড ব্লক৷ এবার সেই পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেই কারণেই তাঁরা হাতে সময় নিয়ে আলোচনা শুরু করেছেন৷ পাশাপাশি তারা যে আসনে শক্তিশালী, সেই আসনগুলি যাতে বামেরা তাঁদের ছাড়ে, সেই দাবিও যে আইএসএফ তুলেছে তা নওশাদের কথায় স্পষ্ট৷
নওশাদ বলেন, ‘এখনও পর্যন্ত আমরা জানিয়েছি আমাদের কোর সিট বা আমাদের ক্ষেত্রে সম্ভাবনাময় এবং তুলনামূলক শক্তিশালী সিট গুলিতে সমঝোতার কথা। সেগুলির ক্ষেত্রে বেশকিছু জট এখনও রয়েছে যা কাটাতে আরও কিছুদিন সময় নিয়েছে বামফ্রন্ট। অন্যান্য আসন সমঝোতা নিয়ে আলোচনা হয়েছে। আমরা জানিয়েছি কেন আমরা ওই সেটগুলো চাইছি এবং আশা করছি আসন সমঝোতার বিষয় খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। বৃহত্তর স্বার্থের দিকে নজর রেখে আমরা সেই সময় ওনাদের দিতে রাজি হয়েছি। তবে সেটা আগামী সপ্তাহের মধ্যে চূড়ান্ত হবে বলে আশা করা যায়।’
ইতিমধ্যেই বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর তাঁর নতুন দল জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোটের জন্য সিপিএমের পাশাপাশি আইএসএফ-কেও প্রস্তাব দিয়েছেন৷ নওশাদ অবশ্য দাবি করেছেন, এ দিনের আলোচনায় হুমায়ুন কবীরের দলের প্রসঙ্গ ওঠেনি৷
নওশাদ বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন আমার সঙ্গে জোটের আহ্বান জানিয়েছে। তবে আমি মনে করি একটা সেন্টার পয়েন্ট বা শক্তিকেন্দ্র থাকা প্রয়োজন। যাঁরা আমার সঙ্গে জোটের আহ্বান জানিয়েছেন তাঁদের সবার সঙ্গে আমি বামেদের যোগাযোগ করিয়ে দেওয়ার চেষ্টা করেছি। বামেদের মারফত জোটের যাবতীয় আলোচনা হয়।’
Kolkata,West Bengal
Feb 25, 2026 11:21 PM IST




Post Comment