Shrimp Business: মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর পালা! জোড়া কারণে ফের চাঙ্গা বাংলার চিংড়ি ব্যবসা, খুশি ব্যবসায়ীরা
Last Updated:
South 24 Parganas Shrimp Business: প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে উৎপাদন বৃদ্ধির ফলে চিংড়ি ব্যবসায় সুদিন ফিরেছে। গত কয়েক মাস লোকসানের মুখ দেখলেও এখন ছবিটা একেবারে আলাদা। দক্ষিণ ২৪ পরগনার ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ মুছে এখন কেবলই হাসির রেখা।
মথুরাপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: দীর্ঘ ক্ষতির পর দক্ষিণ ২৪ পরগনায় ঘুরে দাঁড়াচ্ছে চিংড়ি ব্যবসা। মূলত সমুদ্র থেকে কম পরিমাণে চিংড়ি আসা ও বিদেশে রফতানির ক্ষেত্রে সমস্যা হওয়ায় ব্যবসা প্রায় বন্ধ হয়ে যেতে বসেছিল। তবে এবার ঘুরে দাঁড়িয়েছে সেই ব্যবসা। বর্তমানে সমুদ্রে মাছ ও চিংড়ি হঠাৎ করে বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে। ফলে কাঁচামাল পাওয়া যাচ্ছে। তার উপর আমেরিকার শুল্ক সংক্রান্ত সমস্যার সমাধানের ইঙ্গিত মেলায় চিংড়ি ব্যবসায়ে জোয়ার এসেছে।
দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ নদীমাতৃক এলাকার মানুষজন এই চিংড়ির খোসা ছাড়ানোর কাজের সঙ্গে যুক্ত। সমুদ্র থেকে যে চিংড়ি ধরা পড়ে সেই চিংড়ি নিয়ে আসা হয় ফ্যাক্টরিগুলোতে। কয়েকবছর ধরে এই কাজ করার সঙ্গে যুক্ত ব্যক্তিরা পরিযায়ী শ্রমিকের কাজে যাচ্ছিলেন। তাঁরা আবার কাজে ফিরছে বলে জানিয়েছেন ইলিয়াস পুরকাইত নামের এক ফ্যাক্টরির মালিক।
অপরদিকে ফিশারিতে বাগদা ও ভেনামি চিংড়ি মরে ভেড়ির জলে ভেসে ওঠার সমস্যার সমাধান হয়েছে। এর ফলে চিংড়ির উৎপাদন বেড়েছে। আমেরিকা চিংড়ির উপরে ৫০ শতাংশ শুল্ক চাপানোর পর চিংড়ি রফতানি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল।
অল্প দামে দেশের লোকের কাছে মাছ-চিংড়ি বিক্রি করতে হচ্ছিল। বর্তমান পরিস্থিতিতে চাহিদা প্রচুর বেড়েছে, তাতে চাহিদা অনুযায়ী জোগান দেওয়া সমস্যার দেখা গিয়েছে। তবে নতুন করে এই ব্যবসায় জোয়ার আসায় দক্ষিণ ২৪ পরগনায় অর্থনৈতিক সমৃদ্ধি বাড়বে। ফলে খুশি সকলেই। এই উৎপাদন বৃদ্ধির হার বাড়লে সকলের সুবিধা হবে বলে জানিয়েছেন এই ব্যবসার সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিরা।
South Twenty Four Parganas,West Bengal



Post Comment