ভোটের মুখে ফের শ্যুটআউট, হাওড়ার গোলাবাড়ি পিলখানায় প্রোমোটারকে গুলি করে খুন
সুনীত হালদার, হাওড়া : ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। কিন্তু ভোটের আগে থেকেই পারদ চড়তে শুরু করেছে বিভিন্ন জেলায়। বেশ উত্তপ্ত পরিস্থিতি দেখা গিয়েছে কয়েকটি এলাকায়। কোথাও রাতের অন্ধকারে চলেছে গুলি। কোথাও আবার অন্য ধরনের বিশৃঙ্খলা। এর মধ্যেই ভোটের মুখে ফের শ্যুটআউটের ঘটনা ঘটে গিয়েছে। এবার গুলি চলেছে হাওড়ার গোলাবাড়ি পিলখানা এলাকায়। এক প্রোমোটারকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে। কলকাতার তিলজলা রোডের পর হাওড়ার গোলাবাড়ি এলাকায় চলেছে গুলি। অভিযোগ, বাইকে করে এসে প্রোমোটারকে গুলি করেছে দুষ্কৃতীরা। হাসপাতালে নিয়ে গেলে প্রোমোটারকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
ভোটমুখী পশ্চিমবঙ্গে ফের শ্যুটআউট। হাওড়ার গোলাবাড়ির পিলখানায় গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হল প্রোমোটারকে। নিহত যুবক সফিক খানের (২৭ বছর) বাড়ি ওই এলাকাতেই। কলকাতার তিলজলা রোডের পর হাওড়ার গোলাবাড়িতে চলল গুলি। স্থানীয় সূত্রে খবর, আজ ভোর ৪টে ১০ নাগাদ, ২ আততায়ী হেঁটে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ৪ রাউন্ড গুলি করে ওই প্রোমোটারকে। যুবকের মাথা ও বুক ফুঁড়ে বেরিয়ে যায় বুলেট। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রে প্রাথমিক অনুমান করা হচ্ছে এলাকার দুই কুখ্য়াত দুষকৃতী হারুন খান ও রোহিতের সঙ্গে পুরনো শত্রুতার জেরেই ওই শ্যুটআউট। ঘটনার পর এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নামানো হয়েছে র্যাফ । ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসি ক্যামেরা ফুটেজ।
তিলজলা শ্যুটআউট
কাঁকুলিয়া রোডের পর এবার তিলজলা, ভোটের আগে কলকাতায় ফের চলল গুলি। গভীর রাতে বাড়ি থেকে ডেকে এক যুবককে গুলি চালানোর অভিযোগ উঠল দুষকৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। যদিও তৃণমূল দাবি করেছে, আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ।
সরশুনায় উদ্ধার বোমা
বেহালার সরশুনার থেকে উদ্ধার হল বোমা। মাঝরাতে গিয়ে বোমা নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড। বহিরাগতদের এনে বিজেপির বিরুদ্ধে এলাকা অশান্ত করার অভিযোগ তৃণমূলের। পাল্টা প্রশ্ন তুলেছে বিজেপিও। মঙ্গলবার কলকাতা থেকে জেলার একাধিক আদালতে ইমেল ঘিরে বোমাতঙ্ক তৈরি হয়। যদিও, তল্লাশিতে শেষ অবধি কিছুই মেলেনি বলে জানিয়েছে পুলিশ। হইচই ফেলে দেওয়া এই ঘটনার কয়েকঘণ্টা আগেই খাস কলকাতায় উদ্ধার হয় বোমা। বেহালার সরশুনার মতো জনবহুল জায়গা থেকে তাজা বোমা উদ্ধার করে পুলিশ। এটা কলকাতা পুরসভার ১২৭ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডেরই রক্ষিতপাড়ায় সোমবার রাতে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। বোমা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থলে এসে বোমা নিষ্ক্রিয় করে বম্ব ডিসপোজাল স্কোয়াড। বিধানসভা ভোটের আগে এই ঘটনায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। এই ঘটনায় তদন্ত শুরু করেছে সরশুনা থানার পুলিশ।



Post Comment