‘কোনও বোকা মেয়ের জন্য গোবিন্দ সংসার ছাড়বে না’, সাফ জানিয়ে দিলেন স্ত্রী সুনীতা
কলকাতা: তাঁর ৩৮ বছরের বৈবাহিক সম্পর্ক ভাঙা নিয়ে জোর গুঞ্জন.. সুনীতা আহুজার (Sunita Ahuja) সঙ্গে নাকি সম্পর্ক ভাঙতে চলেছে গোবিন্দ (Govinda) -র। এত বছরের বিয়ে নাকি ভাঙতে চলেছে তাঁদের। আলাদা হতে চলেছেন গোবিন্দ আর সুনীতা। তবে এই বিষয়টি নিয়ে সবসময়েই খোলা মনে কথা বলেছেন সুনীতা। স্পষ্ট করে দিয়েছেন, তাঁর ও গোবিন্দার মধ্যে সম্পর্ক একেবারে স্বাভাবিকই রয়েছে। আর ফের একবার তাঁর ও গোবিন্দার মধ্যে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সুনীতা।
সদ্য় দেওয়া একটি সাক্ষাৎকারে সুনীতা বলেছেন, ‘না আমি গোবিন্দকে ছাড়া থাকতে পারব, না গোবিন্দ আমাকে। আমাদের যদি সত্যিই বিচ্ছেদ হয়, তাহলে সেটা আপনারা আমার বা গোবিন্দার মুখ থেকেই শুনতে পাবেন। বাকি কথায় কান দেবেন না। আর গোবিন্দ কোনও বোকা মানুষ বা বোকা মেয়ের জন্য নিজের পরিবারকে ছেড়ে দেবে না।’ এখানেই শেষ নয়, সুনীতা সংবাদমাধ্যমের জন্যও এদিন বার্তা রাখেন। তিনি বলেন যে, ‘কারোর যদি সাহস থাকে, তাহলে আমায় সরাসরি এসে প্রশ্ন করুক। আর আমাদের যদি সত্যিই বিচ্ছেদ হয়, তাহলে আমি নিজে মুখেই সংবাদমাধ্যমকে তা জানাব। আমি কখনোই কোনও গুজবকে প্রশ্রয় দেব না আর আমার মনে হয় না ঈশ্বর আমার সংসারে কোনও ভাঙন ধরাবেন।’
এর আগে শোনা গিয়েছিল গোবিন্দ ও সুনীতার বিচ্ছেদ হয়ে যাবে। তাঁরা নাকি আইনিভাবে বিচ্ছেদের পথেও এগিয়েছিলেন। গোবিন্দ এবং সুনীতার দাম্পত্য ভাঙনের মুখে বলে বেশ কিছুদিন ধরেই চর্চা। সেই বিতর্কের আগুনে ঘি ঢেলেছেন সুনীতা নিজেই। নিজের একাকীত্ব নিয়ে যেমন মুখ খুলেছেন, তেমনই পরকীয়া নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে শোনা যায় তাঁকে। আর সেই আবহেই বিস্ফোরণ ঘটে আইনি নোটিস পাঠানোর খবরে। জানা যায়, কয়েক মাস আগেই গোবিন্দকে বিচ্ছেদের নোটিস পাঠান সুনীতা। (Sunita Ahuja)
তারকা দম্পতির সম্পর্কে সবকিছু যে ঠিক নেই, তা গোড়াতেই স্বীকার করে নিয়েছিলেন গোবিন্দের আইনজীবী ললিত বিন্দল। এবার আইনি নোটিস নিয়েও মুখ খুলেছেন তিনি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, ছ’মাস আগে বিবাহবিচ্ছেদের আবেদন করেন সুনীতা। কিন্তু পরে আবার মিটমাট হয়ে যায়। ফের মিল হয়ে গিয়েছে দু’জনের। স্বামী-স্ত্রীর মধ্যে এমন ঘটতেই থাকে। কিন্তু ওঁদের সম্পর্ক মজবুত। এখন সব ঠিক আছে।” সংবাদমাধ্যমে ললিত বলেন, “আমরা একসঙ্গে নেপালও গিয়েছিলাম নতুন বছরে। সেখানে পশুপতিনাথ মন্দিরে পুজো দেওয়া হয়। এখন ওঁদের মধ্যে সব ঠিক আছে। ওঁদের সম্পর্ক মজবুত। ওঁরা চিরকাল একসঙ্গে থাকবেন।” তবে গোবিন্দ এবং সুনীতা আলাদা থাকছেন বলে যে খবর সামনে এসেছে, তা খারিজ করে দিয়েছেন ললিত। তিনি জানিয়েছেন, সাংসদ হওয়ার পর একটি বাংলো কেনেন গোবিন্দ। দম্পতির ফ্ল্যাটের উল্টোদিকেই সেই বাংলো। ওই বাংলোয় কাজকর্ম সারেন গোবিন্দ, কখনও কখনও সেখানে ঘুমানও। স্বামী-স্ত্রী একসঙ্গেই আছেন বলে জানিয়েছেন ললিত।
আরও দেখুন



Post Comment