Kali Puja: ৩০০ বছরের পুজো! কোন অলৌকিক টানে আজও নামে ভক্তদের ঢল? জানুন মুর্শিদাবাদের এই ডাকাতকালীর না-জানা কাহিনি
Last Updated:
Kali Puja: ৩০০ বছরের প্রাচীন মুর্শিদাবাদের কান্দি গৌড়তলার ডাকাতকালী! একসময় ডাকাতিতে যাওয়ার আগে এই পুজো দিত ডাকাতরা। জানুন এর অজানা কাহিনি।
কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের কান্দির গৌড়তলার কালীপুজো ৩০০ বছরের প্রাচীন। একটা সময় ডাকাতদের হাতে তৈরি হয়ে পুজো হলেও আজ এলাকার বাসিন্দারা পুজো করে আসছেন। কালীপুজো রাতে চলল বিশেষ পুজো পাঠ আচার অনুষ্ঠান। রবিবার রাতে নামল ভক্তদের ঢল। ডাকাতকালীর নাম শোনেনি এমন বাঙালী বিরল। বাংলার গ্রামে গঞ্জে ছড়িয়ে আছে যার অসংখ্য থান, মন্দির।
মুর্শিদাবাদ জেলার কান্দি শহরেই অবস্থিত গৌড়তলা। বর্তমানে নতুন করে তৈরি করা হয়েছে এই মন্দির। নতুন সংস্কার করে মন্দিরকে আমূল পরিবর্তন করা হয়েছে। একদা ডাকাতদের হাতে প্রতিষ্ঠিত হওয়া সেই কালীপুজো বর্তমানে পুজো চালিয়ে আসছেন এলাকার বাসিন্দারা।
একসময় রাজ্যের বিভিন্ন অঞ্চলে কালীপুজো করে ডাকাতরা ডাকাতি করতে যেত। ডাকাতির আগে এই পুজোর কারণ ছিল, দেবীর কাছে প্রার্থনা, যাতে তারা সফল হয়। তাদের কোনও ক্ষতি যেন না-হয়। পরবর্তী ক্ষেত্রে কালীপুজো করে ডাকাতির চল উঠে গিয়েছে।যাদের নিয়ে হাজারও কাহিনি প্রচলিত ছিল, বাংলার সেই ডাকাতরাও আর নেই। তবে, তাদের সেই কালীপুজোগুলি রয়ে গিয়েছে। সাধারণ মানুষ, স্থানীয় বাসিন্দারা সেই পুজোর চল বহাল রেখেছেন। কিন্তু, বহু জায়গাতেই সেই সব পুজোর নাম ডাকাতকালী পুজোই থেকে গিয়েছে আজও। এই সব ডাকাত কালীপুজোর অন্যতম স্থান মুর্শিদাবাদ জেলার কান্দির গৌড়তলার ডাকাত কালী। কালীপুজোতে দক্ষিণাকালী রূপে পূজিতা হন। চলে চারদিন ধরে পুজো ও উৎসব। রবিবার রাতে কালীপুজোর পর চলবে উৎসব।
Post Comment