ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার
নয়াদিল্লি : এবার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করলেন ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিসেম্বরে ভারত থেকে তাঁর দেশে ফেরার পরিকল্পনার পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ । এদিকে, বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জোর দিয়ে বলেছেন যে, শেখ হাসিনাকে ভ্রমণের নথিপত্র দেওয়ার পরিবর্তে তাঁর প্রত্যর্পণ হওয়া উচিত।
বাংলাদেশি নিউজ ওয়েবসাইট ‘দ্য ডেইলি স্টার’ জানিয়েছে যে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হুমায়ুন কবির বলেন, “আমরা চাই হাসিনাকে হস্তান্তর করা হোক। তাকে হস্তান্তর করা হবেই। তিনি একজন সন্ত্রাসী। তিনি একজন পলাতক ব্যক্তি। বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি কার্যকর প্রত্যর্পণ চুক্তি রয়েছে।” পাসপোর্টের প্রয়োজনীয়তার বিষয়টি নাকচ করে তিনি বলেন, “জারি থাকা প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই তাঁর প্রত্যাবর্তন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া উচিত।”
এদিকে সাংবাদ সংস্থা রয়টার্স সোমবার জানিয়েছে যে, শেখ হাসিনার আইনজীবীরা নতুন ভ্রমণ ও পরিচয়পত্রের আবেদন জানিয়ে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে চিঠি পাঠিয়েছেন। সংবাদ সংস্থা চিঠিটি দেখতে পেয়েছে। ২০২৪ সালের অগাস্ট মাসে ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর, এটিই তাঁর পক্ষ থেকে পাঠানো প্রথম কোনও যোগাযোগ। এই গণঅভ্যুত্থানের মাধ্যমেই তাঁর ২০ বছরের শাসনের অবসান ঘটেছিল।
লন্ডনভিত্তিক ‘ম্যাট্রিক্স চেম্বারস’-এর আইনজীবীদের পাঠানো এই চিঠিতে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে অনুরোধ জানানো হয়েছে যেন হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন নথিপত্র ইস্যু করা হয়।
চিঠিতে বলা হয়েছে, “অন্তর্বর্তীকালীন সরকার ও অন্যান্য কর্তৃপক্ষের দ্বারা আমাদের মক্কেলের বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করার বিষয়টি সামনে আসায়, আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যে, তাঁর জন্য নতুন একটি বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।”
তাঁর আইনজীবীরা দূতাবাসকে আবেদনগুলি “দ্রুত” প্রক্রিয়াকরণের আহ্বান জানিয়েছেন। তাঁরা এক্ষেত্রে তাঁর বাংলাদেশি নাগরিকত্বের বিষয়টি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত দলিলগুলির অধীনে দেশের দায়বদ্ধতার কথা উল্লেখ করেছেন।
হাসিনা এর আগে বলেছেন যে, তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফিরে এসে আদালতে আত্মসমর্পণ করার ইচ্ছা রাখেন। তাঁর সহযোগীরা জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর তাঁর ফিরে আসার তারিখ ঘোষণা করা হবে। Sheikh Hasina Bangladesh News
Kalipuja 2026 | ১৯ তম বর্ষে দমদম পাল্লালোক শ্য়ামাপুজোর এবারের ভাবনা-পদ্মে ভক্তি মায়ের মাঝেই শক্তি
Post Comment