ঘিয়ের দাম এত বাড়ছে কেন? আসল সমস্যা লুকিয়ে কোথায় জানেন ?
২০২৬ সালে দুধ উৎপাদন ২.৫ শতাংশ বেড়ে ২২.২ কোটি টন এবং ২০২৭ সালে আরও ২ শতাংশ বেড়ে ২২.৬৫ কোটি টনে পৌঁছতে পারে বলে অনুমান করা হয়েছে। গুরুত্বপূর্ণ দুধ উৎপাদনকারী রাজ্যগুলিতে এল নিনোর কারণে খরা, পশুখাদ্যের জোগানে টান এবং পশুদের উৎপাদনশীলতা কমে যাওয়াকেই উৎপাদন বৃদ্ধির গতি কমার প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে।
তবে সামগ্রিক দুধ উৎপাদনের পরিসংখ্যানের আড়ালে রয়েছে আরও বড় সমস্যা। ভারতে এখন শুধু দুধের ঘাটতি নয়, বরং দুধের ফ্যাট বা চর্বির ঘাটতিই বড় সমস্যা হয়ে উঠেছে।
দুধে প্রধানত দুই ধরনের সলিড বা কঠিন উপাদান থাকে, ফ্যাট এবং SNF (Solids-Not-Fat)। SNF-এর মধ্যে মূলত থাকে ল্যাকটোজ বা দুধের চিনি, প্রোটিন যেমন কেসিন ও হুই এবং বিভিন্ন খনিজ পদার্থ, যেমন ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেশিয়াম ও অন্যান্য ট্রেস উপাদান।
ভারতের ডেয়ারি সংস্থাগুলির মাখন এবং স্কিমড মিল্ক পাউডার বিক্রির গড় মাসিক দামের দিকে নজর দিলে বিষয়টি আরও পরিষ্কার হয়। মাখনে প্রায় ৮২ শতাংশ ফ্যাট থাকে। অন্যদিকে স্কিমড মিল্ক পাউডারের ওজনের হিসাবে ৯৫-৯৭ শতাংশ SNF থাকে।
২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ডেয়ারি সংস্থার কাছ থেকে বিক্রি হওয়া মাখনের গড় দাম ৫৪.৩ শতাংশ বেড়েছে। প্রতি কেজি মাখনের দাম ৩৪৮ টাকা থেকে বেড়ে হয়েছে ৫৩৭ টাকা। একই সময়ে SMP-এর দাম বেড়েছে মাত্র ১৮ শতাংশ—প্রতি কেজি ২৫০ টাকা থেকে বেড়ে ২৯৫ টাকা হয়েছে।
বর্তমানে ডেয়ারি সংস্থাগুলি হলুদ বা গরুর দুধের মাখন প্রতি কেজি ৫৫০-৫৫৫ টাকায় বিক্রি করছে। একই পরিমাণ দুধের ফ্যাট দিয়ে তৈরি গরুর ঘিয়ের দাম দাঁড়ায় প্রতি কেজি প্রায় ৬৭০-৬৭৭ টাকা।
এক লিটার ঘিয়ের ওজন প্রায় ৯১০ গ্রাম ধরে প্রতি লিটারের দাম দাঁড়ায় ৬১০-৬১৬ টাকা। এর সঙ্গে প্রসেসিং বা গরম করে গলানোর খরচ প্রায় ৫ টাকা, প্যাকেজিং খরচ ১০ টাকা, পরিবহণ ও ব্যবসায়িক মার্জিন ১৫ শতাংশ এবং ৫ শতাংশ GST যোগ হলে খাঁটি ঘিয়ের সর্বোচ্চ খুচরো দাম বা MRP দাঁড়াতে পারে প্রতি লিটারে প্রায় ৭৫৫-৭৬২ টাকা।
দুধের ফ্যাটের দাম বৃদ্ধির কারণে গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (GCMMF)-কেও তাদের পণ্যের দাম বাড়াতে হয়েছে। সংস্থাটি তুলনামূলক কম ডিস্ট্রিবিউটর ও রিটেলার মার্জিনে কাজ করলেও ‘আমূল’ গরুর ঘিয়ের এক লিটারের পাউচের দাম ৬৯৫ টাকা থেকে বাড়িয়ে ৭৩৫ টাকা করেছে।
একইভাবে ৫০০ গ্রাম টেবিল বাটারের দাম ৩১০ টাকা থেকে বেড়ে হয়েছে ৩২৫ টাকা। নতুন দাম ২ নভেম্বর থেকে কার্যকর হয়েছে।
দুধের ফ্যাটের দাম এত বাড়ছে কেন? এর পেছনে একাধিক কারণ রয়েছে।
১. বেশি ফ্যাটযুক্ত দুগ্ধজাত পণ্যের চাহিদা বেড়েছে
২. ভেজাল দুধ ও ঘিয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ
৩. দুধের ফ্যাট রফতানি বেড়েছে
৪. দুধ উৎপাদনের বৃদ্ধিও ধীর হয়েছে
মহিষের দুধের উৎপাদন কমায়ও ফ্যাটের দাম বাড়ছে-
এখন প্রশ্ন হল, আগামী দিনে দুধের ফ্যাট এবং ঘি-মাখনের দাম আরও বাড়বে কি না।
স্বল্পমেয়াদে দাম আরও বাড়ার সম্ভাবনা খুব বেশি নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ দীপাবলির পর দুধজাত পণ্য, বিশেষ করে মিষ্টির চাহিদা কিছুটা কমতে পারে।
এছাড়া শীত ও বসন্তের সময়কে সাধারণত দুধের ‘ফ্লাশ সিজন’ বলা হয়। এই সময় পশুদের বাচ্চা প্রসবের হার বাড়ে এবং তাপমাত্রা কম থাকায় তারা সাধারণত বেশি দুধ দেয়। ফলে বাজারে দুধের জোগানও বাড়তে পারে।
এল নিনোর কারণে বৃষ্টিপাত কম হলে পশুখাদ্য ও ফিডের জোগানে সমস্যা হতে পারে। তবে তার প্রভাব দুধ উৎপাদনে তাৎক্ষণিকভাবে পড়বে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বরং এর প্রভাব বেশি পড়তে পারে গর্ভবতী পশু, কমবয়সি গাভী ও বাছুরের উপর। তাদের প্রজনন ও দুধ দেওয়ার স্বাভাবিক চক্র ব্যাহত হলে তার প্রভাব দুধ উৎপাদনে দেখা দিতে পারে।
সেই কারণে এল নিনোর প্রভাব পড়লে দুধ উৎপাদন কমার প্রকৃত প্রভাব এখন থেকে প্রায় এক বছর পর স্পষ্ট হতে পারে।
Post Comment