Kali Puja 2026: এক লক্ষেরও বেশি মুক্তো দিয়ে তৈরি শ্যামা মায়ের রূপ! শান্তিপুরের মৃৎশিল্পীর তাক লাগানো শিল্প
Last Updated:
Kali Puja 2026: মাটির প্রতিমার ওপর গাঁথা হয়েছে এক লক্ষেরও বেশি মুক্তো! নদিয়ার শান্তিপুরের শিল্পী মুন্না পালের কারখানায় তৈরি এই অনন্য কালী প্রতিমা নজর কাড়তে চলেছে অরংঘাটার মণ্ডপে। এই মূর্তিটির প্রাথমিক মাটির কাজ অনেকটাই ভিন্নভাবে করতে হয়েছে।
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: কালীপুজো উপলক্ষে নদfয়ার শান্তিপুরে তৈরি হয়েছে এক অভিনব ও ব্যতিক্রমী কালীপ্রতিমা। এক লক্ষেরও বেশি নকল মুক্তো দিয়ে অপরূপভাবে সাজিয়ে তোলা হয়েছে শ্যামা মাকে। নদীয়ার শান্তিপুরের নিশ্চিন্তিপুরের মৃৎশিল্পী মুন্না পালের কারখানায় এই বিশেষ প্রতিমাটি তৈরি করা হয়েছে, যা পাড়ি দিচ্ছে কালীপুজোর জন্য সুখ্যাত অরংঘাটার ‘হিউম্যান লাভার্স অ্যাসোসিয়েশন’ ক্লাবের মণ্ডপে।
শিল্পী মুন্না পাল জানান, অরংঘাটার ওই ক্লাবটি গত দু’বছর ধরে তাঁর কাছ থেকেই প্রতিমা তৈরি করাচ্ছে। প্রতি বছরই পুজোয় নতুনত্ব ও ব্যতিক্রমী কিছু উপস্থাপন করা ক্লাবটির অন্যতম বৈশিষ্ট্য। গত বছর তারা তাঁর কাছ থেকে দশহাতে মাটির প্রতিমা তৈরি করিয়ে নিয়েছিল। এ বছর তাদের ভাবনা ছিল মুক্তোর প্রতিমা গড়ার। প্রায় এক মাস আগে পুজো কমিটির পক্ষ থেকে এই প্রতিমার বরাত দেওয়া হয়। সেই অনুযায়ী সম্পূর্ণ নতুন কাঠামো তৈরি করে দ্রুত কাজ শুরু করা হয়। সাধারণ মাটির প্রতিমার তুলনায় এর মাটির প্রাথমিক কাজ অনেকটাই ভিন্নভাবে করতে হয়েছে, যাতে মুক্তোগুলো নিখুঁতভাবে গাঁথা যায়।
প্রতিমা তৈরিতে প্রায় তিন থেকে চার ধরনের মুক্তো ব্যবহার করা হয়েছে। রঙের ক্ষেত্রেও রয়েছে নানা বৈচিত্র্য, ডিপ সাদা, ক্রিম, সোনালি এবং লাল রঙের মুক্তো নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে প্রতিমার অঙ্গে। তবে মায়ের চোখের দৃষ্টিতে কোনো রূপান্তর ঘটানো হয়নি; ভক্তদের আশীর্বাদ দেওয়ার চিরাচরিত দৃষ্টি অক্ষুণ্ণ রাখতে চোখের মণি স্বাভাবিক রাখা হয়েছে। শিল্পী জানান, এই বিশালাকার যজ্ঞে তাঁর সাথে হাত মিলিয়েছেন তাঁর নিজের ছেলে, ছেলের বন্ধুরা এবং চারজন তরুণ সহশিল্পী (দুটি মেয়ে ও দুটি ছেলে)। ক্লাব কর্তৃপক্ষের অকুণ্ঠ সহযোগিতা ও উৎসাহ এই কাজে তাঁদের সাহস জুগিয়েছে।
অতীতে ধান, মুগ ডাল, ফুল কিংবা পাট দিয়ে দুর্গা ও লক্ষ্মী প্রতিমা গড়লেও, কালীপ্রতিমায় মুক্তোর এমন শৈল্পিক কাজ এই প্রথম করলেন মুন্না পাল। চলতি মরশুমে তাঁর কারখানায় প্রায় ৪০ থেকে ৪২টি সাধারণ মাটির প্রতিমা তৈরি হলেও, এই মুক্তোর কালীপ্রতিমাটি সম্পূর্ণ আলাদা মাত্রা পেয়েছে। শান্তিপুরের এই শিল্পকর্ম অরংঘাটার মণ্ডপ আলো করার পাশাপাশি তাঁর কারখানার সুনাম আরও ছড়িয়ে দেবে বলেই আশাবাদী শিল্পী।
Post Comment