Kunal-Sovan-Sandipan: পুরভোটের আগে শোভন-বৈশাখীর পাশে দুই শিবিরের দুই নেতা! কুণাল-সন্দীপনের ছবি ঘিরে জল্পনা

Last Updated:

Kunal-Sovan-Sandipan: যদিও দুই নেতাই স্পষ্ট করেছেন, এই সাক্ষাতের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। তাঁদের বক্তব্য, জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েই গিয়েছিলেন তাঁরা।

News18
News18

কলকাতা: পুরভোটের আগে কলকাতার প্রাক্তন মেয়রকে ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা! সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেছেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। সেই ছবিতে দেখা যাচ্ছে, কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলছেন ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস নেতা সন্দীপন সাহা এবং কালীঘাট শিবিরের নেতা কুণাল ঘোষ। কুণালের পোস্ট করা এই ছবি ঘিরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা।

তবে বিষয়টি একটু অন্যভাবে দেখলে, এই সাক্ষাতের পিছনে রয়েছে নিছকই একটি সামাজিক অনুষ্ঠান। রবিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতায় বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মেয়ে রিলিনার জন্মদিনের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কুণাল ঘোষ ও সন্দীপন সাহা দু’জনেই। সেখানেই তাঁদের দেখা হয়। সেই মুহূর্তের ছবিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কুণাল। আর তারপর থেকেই শুরু রাজনৈতিক গুঞ্জন। যদিও দুই শিবিরের দুই নেতাই এই সামাজিক অনুষ্ঠানের সঙ্গে রাজনীতিকে মেলাতে নারাজ। কুণাল ঘোষের কথায়, “সামাজিক অনুষ্ঠানে দেখা হয়ে গেল। আমরা দু’জনেই আমন্ত্রিত ছিলাম। আর সর্বত্র রাজনীতি নিয়ে আলোচনা হবে নাকি? রাজনীতি রাজনীতির জায়গায়। এটা একেবারেই সামাজিক অনুষ্ঠান ছিল। শোভনদা ও বৈশাখীদি দু’জনেই আন্তরিকতার সঙ্গে আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রতিবার আমি যাই। এবারও গিয়ে অনেকের সঙ্গে দেখা হল। তার মধ্যে ছিল সন্দীপন।”

সামাজিক অনুষ্ঠানের প্রসঙ্গই তুলে ধরেছেন এন্টালির বিধায়ক সন্দীপন সাহা। তাঁর বক্তব্য, “জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন শোভনদা। আমাদের পরিবারকে দীর্ঘদিন ধরে উনি চেনেন। আজ সেখানেই গিয়েছিলাম। অনেকের সঙ্গে দেখা হয়েছে, গল্প হয়েছে। সেখানেই একসঙ্গে ছবি উঠেছে। এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই।”

কুণাল ও সন্দীপন দু’জনেই নিজেদের নিজস্ব শিবিরে উত্তর কলকাতা জেলা সভাপতি। আপাতত দু’জনেই ব্যস্ত নিজেদের শিবিরের সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে। সামনেই কলকাতা পুরভোট। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সংগঠন মজবুত করা থেকে শুরু করে প্রার্থী নির্বাচন—সব কিছু নিয়েই রাজনৈতিক দলগুলির অন্দরে আলোচনা চলছে। এই পরিস্থিতিতে প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের পাশে দুই শিবিরের দুই নেতাকে একসঙ্গে দেখা যাওয়ায় পুর রাজনীতিতে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। যদিও দুই নেতাই স্পষ্ট করেছেন, এই সাক্ষাতের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। তাঁদের বক্তব্য, জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েই গিয়েছিলেন তাঁরা। আপাতত রাজনৈতিক জল্পনাকে পাশে সরিয়ে সামাজিক অনুষ্ঠানের সৌজন্যেই এক ফ্রেমে ধরা পড়লেন কুণাল ও সন্দীপন৷

Previous post

Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বাড়ল লোহার ব্যারিকেডের উচ্চতা, নিরাপত্তায় আরও কড়াকড়ি

Next post

Special Train: সাঁতরাগাছি, খড়্গপুরের যাত্রীদের জন্য সুখবর, একগুচ্ছ স্পেশাল ট্রেন ও মেয়াদ বৃদ্ধির ঘোষণা দক্ষিণ-পূর্ব রেলের, জানুন

Post Comment

You May Have Missed