শিয়ালদা ডিভিশনে শনিবার রাত থেকে ব্যাহত একাধিক লোকাল ট্রেন, কোন কোন ট্রেন বাতিল? দেখুন তালিকা
রেল সূত্রে খবর, কল্যাণী ও কাঁচরাপাড়ার মধ্যে ডাউন মেন লাইনে রেললাইন সরানোর (Track Slewing) কাজ করা হবে। ৪৭/২৪ এবং ৪৭/১৪ কিলোমিটার পয়েন্টে এই কাজের মাধ্যমে কল্যাণী স্টেশন এলাকার বিদ্যমান PSR (Permanent Speed Restriction) তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই কাজের জন্য সিগন্যালিং ব্যবস্থাতেও প্রভাব পড়বে।
কোন কোন ট্রেন বাতিল?
শনিবার, ৩১ অক্টোবর বাতিল থাকবে শিয়ালদা-রানাঘাট শাখার ৩১৬২৯, ৩১৬৩১, ৩১৬৩২, ৩১৬৩৪ এবং ৬৩১১১ নম্বর ট্রেন। শিয়ালদা-শান্তিপুর শাখার ৩১৫৩৯, ৩১৫৪১, ৩১৫৩৮ ও ৩১৫৪২ নম্বর ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি শিয়ালদা-কৃষ্ণনগর শাখার ৩১৮৪১ ও ৩১৮৪৪, শিয়ালদা-গেদে শাখার ৩১৯২৯ ও ৩১৯২৮, কল্যাণী সীমান্ত-নৈহাটি শাখার ৩১১৯২, শিয়ালদা-লালগোলা শাখার ৩৩৪৩১ ও ৩৩৪৩২ এবং শিয়ালদা-দত্তপুকুর শাখার ৫৩১৮১ ও ৫৩১৭২ নম্বর ট্রেন বাতিল থাকবে।
রবিবার, ১ নভেম্বর বাতিল থাকবে নৈহাটি-কল্যাণী সীমান্ত শাখার ৩১১৯১, শিয়ালদা-রানাঘাট শাখার ৩১৬১১ ও ৩১৬১২, শিয়ালদা-শান্তিপুর শাখার ৩১৫১১ ও ৩১৫১২, শিয়ালদা-কৃষ্ণনগর শাখার ৩১৮১১ ও ৩১৮১২ এবং শিয়ালদা-গেদে শাখার ৩১৯১১ ও ৩১৯১২ নম্বর লোকাল।
বদলাচ্ছে একাধিক ট্রেনের যাত্রাপথও
শুধু ট্রেন বাতিল নয়, কয়েকটি ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হচ্ছে। শনিবার ৩১ অক্টোবর ৬৩১০৬ নম্বর লালগোলা-শিয়ালদা লোকাল শিয়ালদার পরিবর্তে রানাঘাট পর্যন্ত চলবে। একই দিনে ৩১৩৪১ নম্বর শিয়ালদা-কল্যাণী সীমান্ত লোকাল নৈহাটি পর্যন্ত চলবে।
রবিবার ১ নভেম্বর ৩১৩১১ নম্বর শিয়ালদা-কল্যাণী সীমান্ত লোকালও নৈহাটি পর্যন্ত চলবে। অন্যদিকে, ওই দিন ৩১৩১২ ও ৩১৩১৪ নম্বর ডাউন লোকাল কল্যাণী সীমান্তের পরিবর্তে নৈহাটি থেকে যাত্রা শুরু করবে।
এছাড়া রবিবার ৫৩১৭১ নম্বর শিয়ালদা-লালগোলা ট্রেনটি ৬০ মিনিট দেরিতে ছাড়বে। ট্রেনটিকে কাঁচরাপাড়া পর্যন্ত নিয়ন্ত্রণ করা হবে এবং ব্লক শেষ না হওয়া পর্যন্ত কাঁচরাপাড়াতেই যাত্রা শেষ করবে। লালগোলা পর্যন্ত যাবে না ট্রেনটি।
ট্রেনের সময়সূচি ও পরিষেবা
রেলের তরফে জানানো হয়েছে, সপ্তাহান্তে রাত ও ভোরের দিকে এই কাজের সময় নির্ধারণ করা হয়েছে, যাতে যাত্রীদের অসুবিধা যতটা সম্ভব কমানো যায়। যাত্রীদের যাত্রার আগে ট্রেনের সময়সূচি ও পরিষেবা সংক্রান্ত সর্বশেষ আপডেট দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে শিয়ালদা ডিভিশন। নিরাপদ ও নির্ভরযোগ্য ট্রেন পরিষেবা নিশ্চিত করতেই এই সাময়িক পরিবর্তন বলে জানিয়েছে রেল।
Post Comment