Sisir Adhikari: ‘বাচ্চা ছেলে, রাজনীতিতে ‘নভিশ’!’ পুলিশকে অভিষেকের হুমকি শুনে আর কী বললেন শিশির?
Last Updated:
সরাসরি পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের নাম করে গতকাল হুমকি দিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার সহ রাজ্যের পুলিশ আধিকারিকদের অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল যে হুমকি দিয়েছিলেন, তাতে গুরুত্বই দিলেন না প্রাক্তন সাংসদ শিশির অধিকারী৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাচ্চা ছেলে বলে কটাক্ষ করার পাশাপাশি রাজনীতিতে নবাগত বলেও দাবি করেছেন প্রবীণ এই রাজনীতিবিদ৷
গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, পশ্চিম মেদিনীপুরের এসপি, তাঁর কোথায় কোন আইনজীবীর সঙ্গে কী সম্পর্ক, তা সর্বজন বিদিত৷ রাতের অন্ধকারে মিটিং করে কীভাবে ফাঁসানো যায়, আইনের বাইরে গিয়ে কাজ করা৷ ভোটের ফলের আগের দিন আমাকে মেসেজ করে বলেছিলেন তৃণমূল হই হই করে জিতবে৷ আর বিজেপি চুরি করে জেতার পরই ডাইভ মেরে যাঁরা মুখ্যমন্ত্রীকে খুশি করতে হাজার হাজার তৃণমূল কর্মীদের যাঁরা মিথ্যে মামলায় ফাঁসিয়েছেন, এররকম একজন পুলিশ অফিসারকেও আমাদের সরকার আগামী দিনে রেয়াত করবে না৷
পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানাকে দেওয়া হুমকি প্রসঙ্গে প্রশ্ন করা হলে এ দিন শিশির অধিকারী বলেন, ‘একেবারে বাচ্চা ছেলে, ওর সম্পর্কে কোনও মন্তব্য করতে আমার কষ্ট হয়৷ আমি ওকে যে অবস্থায় দেখেছি, সে সেই অবস্থাতেই থাকুক৷ ও রাজনীতিতে একেবারে শিক্ষানবিশ৷ পটনা, উত্তর ভারতের ও দিকে চলতে পারে৷ বাংলার রাজনীতিতে চলবে না৷ ওর হুমকির কোনও দাম নেই৷ আগে নিজেকে নির্দোষ প্রমাণ করে আদালত থেকে বেরিয়ে আসুক৷ তার পর অন্য কথা৷’
এর পরে পাল্টা হুঁশিয়ারির সুরে শিশির অধিকারী বলেন, ‘মোদিজি গড়ের মাঠে দাঁড়িয়ে বলে গেছে জেলের ভিতরে যেতেই হবে৷ পর পর যেতে হবে৷ তাই বেশি হুমকি- ধমকি না দেওয়াই ভাল৷’
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের জবাব দিতে গিয়ে তীব্র কটাক্ষ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও৷ ১৫ বছর সরকারে ছিল তো, ওদের দু চারটে লোক মনে হয় এখনও সরকারে থেকে গেছে, ফেসটাইমে কথা বলে৷ ক্লু আমরা পেয়ে যাচ্ছি৷ আমার মনে হয় ক্যামাক স্ট্রিটের যে চ্যালাটা মাল তুলত ও সব বলে দিয়েছে, সেই খবর পেয়েছে৷ তার পরই সোডিয়াম, পটাশিয়ামে সমস্যা হয়েছে৷

Post Comment