Raiganj AIIMS Project: মুখ্যমন্ত্রীর ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই কেন্দ্রে চিঠি, রায়গঞ্জে এইমস গড়তে জমি চিহ্নিত করল রাজ্য
Last Updated:
Raiganj AIIMS Project: রায়গঞ্জে এইমস তৈরির উদ্যোগে তৎপর নবান্ন, ১৮০ একর জমি পরিদর্শনে কেন্দ্রকে চিঠি রাজ্যের।
কলকাতা: রায়গঞ্জে এইমস তৈরির পথে আরও একধাপ এগোল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে আনুষ্ঠানিক চিঠি পাঠাল নবান্ন। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এইমস গড়ে তুলতে ইতিমধ্যেই প্রায় ১৮০ একর উপযুক্ত জমি চিহ্নিত করা হয়েছে। এবার সেই জমি পরিদর্শনে দ্রুত কেন্দ্রীয় বিশেষজ্ঞ দল পাঠানোর আবেদন জানাল রাজ্য।
বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব পুণ্য সলিলা শ্রীবাস্তবকে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। চিঠিতে রায়গঞ্জে নতুন এইমস তৈরির প্রস্তাব অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় প্রশাসনিক ও প্রযুক্তিগত প্রক্রিয়া দ্রুত শুরু করার আবেদনও জানিয়েছে রাজ্য সরকার।
রায়গঞ্জে এইমস তৈরির দাবি দীর্ঘদিনের। উত্তর দিনাজপুরের পাশাপাশি উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার মানুষ উন্নত চিকিৎসার জন্য কলকাতা কিংবা অন্য রাজ্যের বড় হাসপাতালে যেতে বাধ্য হন। রায়গঞ্জে এইমস তৈরি হলে সেই সমস্যা অনেকটাই মিটবে বলে মনে করছে রাজ্য প্রশাসন।

উল্লেখ্য, বৃহস্পতিবার রায়গঞ্জে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, রায়গঞ্জে এইমস তৈরির প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে। সেই ঘোষণার দিনই কেন্দ্রকে চিঠি পাঠালেন মুখ্যসচিব। এবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে উত্তর দিনাজপুরবাসী। কেন্দ্রের অনুমোদন মিললে উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামোয় বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়

Post Comment