Agriculture News: ধান ওঠার মুখেই ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর দাপট! ফসল বাঁচাতে কী করবেন? জানুন বিশেষজ্ঞদের ৩ জরুরি পরামর্শ
Last Updated:
Agriculture News: ধান কাটার ঠিক আগে সম্ভাব্য বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কায় চাষিরা! ফসল বাঁচাতে ৩ দফা জরুরি পরামর্শ দিল কৃষি দফতর।
কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: ধান তুলতে এখনও কৃষকদের কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে। এর মধ্যে ঝড়-বৃষ্টিতে সবথেকে বেশি ক্ষতি হবে ধানের। এই ক্ষতি রুখতে কাকদ্বীপে এবার তিন দফা পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা।
কৃষি আধিকারিক ড: মিলন রায় জানিয়েছেন, “বর্তমান পরিস্থিতির উপর নজর রেখে ধান চাষিদের সতর্ক থাকতে হবে। জমিতে যাতে বৃষ্টির জল জমে না থাকে, তার জন্য নিকাশি ব্যবস্থার দিকে বিশেষ নজর দিতে হবে। যে জমির ধান পেকে গিয়েছে, সেই ধান কেটে নিরাপদ স্থানে তুলে রাখতে হবে। না হলে ফুল ও শিস ধরা বড় ধানগাছগুলি যাতে ঝোড়ো হাওয়ায় মাটিতে পড়ে না যায়, তার জন্য এক লাইনে দড়ি বা বাঁশ দিয়ে বেঁধে রাখতে হবে।”
কৃষকদের আশঙ্কা, এই সময়ে দুর্যোগ আছড়ে পড়লে বিঘার পর বিঘা জমির ধান নষ্ট হতে পারে। কাকদ্বীপের ধান চাষি রতন মাইতি বলেন, “আগামী তিন সপ্তাহের মধ্যে ধান কাটার কাজ শুরু হবে। তার আগে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া হলে ধানগাছের ব্যাপক ক্ষতি হতে পারে। এই পরিস্থিতিতে আমরা খুবই চিন্তায় রয়েছি।” অন্যদিকে, পরিস্থিতির কথা মাথায় রেখে ধান চাষিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কৃষি দফতর। ধান গাছ এভাবে বেঁধে রাখলে কিছুটা সমস্যা সমাধান হতে পারে। তবে তা কতটা ফলপ্রসূ হবে সেটাই এখন দেখার বিষয়।
Post Comment