Agriculture News: শীতের শুরুতেই ফুলকপি চাষে ব্যস্ত পূর্বস্থলির চাষিরা, ভাল ফলনের আশায় পরিচর্যায় জোর

Last Updated:

Agriculture News: শীতের শুরুতেই ফুলকপি চাষে ব্যস্ত পূর্বস্থলির চাষিরা। ভাল ফলনের আশায় জমিতে পরিচর্যার উপর জোর দিচ্ছেন তাঁরা। শীতকালীন সবজি চাষ ঘিরে চাষিদের প্রস্তুতির ছবি সামনে এল।

+

শীতের শুরুতেই ফুলকপি চাষে ব্যস্ত পূর্বস্থলির চাষিরা

কালনা, বনোয়ারীলাল চৌধুরী: শীতের আমেজ শুরু হতেই সবজি চাষে ব্যস্ততা বেড়েছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলি ব্লকের চাষিদের। ধান চাষের পাশাপাশি এই এলাকায় দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরনের সবজি চাষ হয়ে আসছে। আর শীতের মরশুমে সেই তালিকায় অন্যতম সবজি হল ফুলকপি। মরশুমের শুরুতেই জমি তৈরি থেকে শুরু করে বীজতলা তৈরি ও চারা রোপণের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন চাষিরা।

সঠিক সময়ে চারা রোপণ, নিয়মিত পরিচর্যা এবং আবহাওয়ার দিকে নজর রেখে ভালো ফলনের আশায় দিন গুনছেন তাঁরা। সবজি চাষি রন দাস বলেন, “আগের তুলনায় খরচ অনেকটা বেড়েছে। তবে মরসুমের শুরুতে লাভের আশাতেই চাষ শুরু করেছি। ২০ টাকার উপর দাম গেলে আমাদের বেশ কিছুটা লাভ থাকবে।”

ফুলকপি চাষে প্রথমে বীজতলা তৈরি করে প্রায় ২৫ দিন ধরে চারার পরিচর্যা করতে হয়। এরপর জমি চাষের উপযুক্ত হলে সেখানে চারা রোপণ করা হয়। চারা লাগানোর পর সার, মাটি চাপা দেওয়া, জল দেওয়া এবং প্রয়োজন অনুযায়ী কীটনাশক প্রয়োগের মাধ্যমে গাছের পরিচর্যা করতে হয়। সাধারণত দু’মাস থেকে আড়াই মাসের মধ্যেই ফুলকপি তোলার উপযুক্ত হয়ে ওঠে। তবে চাষের খরচ আগের তুলনায় বেড়েছে বলে জানাচ্ছেন চাষিরা। সার, ওষুধ ও শ্রমিকের মজুরি মিলিয়ে বর্তমানে বিঘাপ্রতি প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে। বাজারে ফুলকপির দাম ভাল থাকলে সেই খরচ সামলে লাভের মুখ দেখার আশায় থাকেন তাঁরা।

শীতের মরশুমে ফুলকপির পাশাপাশি বাঁধাকপি-সহ বিভিন্ন ধরনের সবজি চাষের সম্ভাবনাও রয়েছে পূর্বস্থলি এলাকায়। চাষিদের আশা, অনুকূল আবহাওয়া এবং ভাল ফলন মিললে বাজারে চাহিদার সুযোগ কাজে লাগাতে পারবেন তাঁরা। বিশেষ করে বাজারে ফুলকপির দাম ভাল থাকলে চাষের খরচ মিটিয়ে কিছুটা লাভের মুখ দেখতে পারেন চাষিরা। তাই বাড়তি খরচের মধ্যেও জমির পরিচর্যায় কোনও খামতি রাখতে চাইছেন না তাঁরা। শীতের মরশুমে সবজির জোগান বাড়ানোর পাশাপাশি নিজেদের পরিশ্রমের উপযুক্ত দাম পাওয়ার আশাতেই এখন নতুন ফসল ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছেন পূর্বস্থলির চাষিরা।

Previous post

রাশভারী মেজাজ উধাও…! বিজয়া সম্মিলনীতে সিভিকদের গানে মুগ্ধ, পিঠ চাপড়ালেন এসপি পাপিয়া সুলতানা

Next post

Chopra MLA Hamidul Rahman: ‘বালি মাফিয়া, জমি মাফিয়ার অভিযোগ ভিত্তিহীন’, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে পাল্টা আক্রমণ চোপড়ার বিধায়কের

Post Comment

You May Have Missed