১৯৮ রানে শেষ বাংলার দ্বিতীয় ইনিংস, ফলো অন না করানো নিয়ে প্রশ্ন, কত রানের লক্ষ্য কেরলের?

সন্দীপ সরকার, কলকাতা: সার্ভিসেসের বিরুদ্ধে আগের ম্যাচে অল্পের জন্য বোনাস পয়েন্ট পায়নি বাংলা। কেরলের বিরুদ্ধে বোনাস পয়েন্টের হাতছানি থাকলেও ঝুঁকি নিল না বাংলা। ফলো অন না করিয়ে নিজেরা দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন অভিমন্যু ঈশ্বরণরা। যা দেখে অনেকেই বেশ অবাক। প্রশ্ন উঠছে, কেন বোনাস পয়েন্টের জন্য ঝাঁপাল না বাংলা ?

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলা অবশ্য খুব একটা সুবিধে করতে পারেনি। ৪৬ ওভারে মাত্র ১৯৮ রানে দ্বিতীয় ইনিংসে অল আউট হয়ে গেল বাংলা। কেরলের সামনে জয়ের জন্য ৪০৮ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল বাংলা। কাল, বৃহস্পতিবার ম্যাচের শেষ দিন। বাংলা কি পারবে সরাসরি ম্যাচ জিতে ৬ পয়েন্ট ঘরে তুলতে ?

বাংলার প্রথম ইনিংস শেষ হয়েছিল ৩৫০ রানে। জবাবে দ্বিতীয় দিনের শেষে চাপে পড়ে গিয়েছিল কেরল। মাত্র ১০১ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে বসেছিল তারা। বুধবার সেই স্কোরের সঙ্গে আর ৪০ রান যোগ করে অল আউট হয়ে যায় কেরল। ১৪১ রানে। বুধবার বল হাতে ভেল্কি দেখালেন বাংলার বাঁহাতি স্পিনার প্রদীপ্ত প্রামাণিক। কেরলের শেষ চার উইকেটের মধ্যে তিনটিই প্রদীপ্তর। সব মিলিয়ে চার উইকেট তাঁর। কেরলের শেষ উইকেটটি রান আউট হয়।

২০৯ রানের বিশাল লিড নিয়েও কেরলকে ফলো অন করায়নি বাংলা। বল পিচে পড়ে ঘুরছে, লাফাচ্ছে। অনেকেই ভেবেছিলেন বোনাস সহ ৭ পয়েন্টের জন্য ঝাঁপাবে বাংলা। তিন স্পিনার দিয়ে কেরলকে ২০৯ রানের মধ্যে অল আউট করার চেষ্টা করবে।

তবে ঝুঁকি নেয়নি বাংলা। নিজেরা ব্যাট করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কেউ কেউ বলছেন, বোনাস পয়েন্টের জন্য ঝাঁপাতে গিয়ে চতুর্থ ইনিংসে খারাপ পিচে ব্যাটিং করলে বাংলার বিপদও হতে পারত। তার চেয়ে বড় রানের লিড নিয়ে ৬ পয়েন্টের জন্য ঝাঁপানোর কৌশল অনেক বেশি পরিণত সিদ্ধান্ত। 

 

বাংলার হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৪৭ রান করলেন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। সুদীপ চট্টোপাধ্যায় ৩৪ রান করেছেন। জলজ সাক্সেনা নিলেন ৪ উইকেট। শেষ দিকে তিনটি ছক্কা মেরে ১৯ বলে ২৬ রান করলেন মহম্মদ শামি। এবার বল হাতে কেরলকে দ্রুত অল আউট করার পরীক্ষা বাংলার বোলারদের। ৬ পয়েন্ট ঘরে আনতে পারবেন শামি, শাহবাজ আমেদরা ?

Post Comment

You May Have Missed