মুম্বই ইন্ডিয়ান্সের কোচ হওয়ার পরই বড় সিদ্ধান্ত পোলার্ডের, খেলবেন না সুপার কিংসের হয়ে
মুম্বই: দীর্ঘ ১৬ বছর তিনি যুক্ত রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) সঙ্গে। মুম্বই ইন্ডিয়ান্স যে পাঁচবার আইপিএল জিতেছে, প্রত্যেকবারই দলে ছিলেন তিনি। পরের আইপিএলে সেই কায়রন পোলার্ডকে হেড কোচ নিযুক্ত করেছে মুকেশ ও নীতা অম্বানির দল। আর সেই দায়িত্ব নিয়েই বড় সিদ্ধান্ত নিলেন পোলার্ড।
দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগ এসএ টোয়েন্টি-তে চেন্নাই সুপার কিংসের মালিকানাধীন দল জোহানেসবার্গ সুপার কিংসে খেলার কথা ছিল পোলার্ডের। তবে ত্রিনিদাদের তারকা জোহানেসবার্গ সুপার কিংস কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন যে, আসন্ন টুর্নামেন্টে খেলবেন না তিনি। ঘটনা হচ্ছে, এসএ টোয়েন্টি-তে মুম্বই ইন্ডিয়ান্সের দল এমআই কেপ টাউনও রয়েছে।
পোলার্ড সরে দাঁড়ানোয় একটা অস্বস্তিকর পরিস্থিতিও এড়ানো গেল বলে মনে করা হচ্ছে। যেখানে জোহানেসবার্গ সুপার কিংসে জার্সিতে এমআই কেপ টাউনের বিরুদ্ধে নামতে হতো পোলার্ডকে। যদিও জানা গিয়েছে, মুম্বই ইন্ডিয়ান্স এ নিয়ে কোনও আপত্তি জানায়নি। সিদ্ধান্ত সম্পূর্ণ পোলার্ডের ব্যক্তিগত।
মুম্বই ইন্ডিয়ান্স শিবিরের একজন জানিয়েছেন, এটা পোলার্ড ঠিক করেছেন এবং মুকেশ ও নীতা অম্বানির দল এ নিয়ে কোনও নির্দেশ দেয়নি।
জোহানেসবার্গ সুপার কিংস দেড় মিলিয়ন ডলার দিয়ে পোলার্ডকে কিনেছিল অক্টোবর মাসের গোড়াতেই। মুম্বই ইন্ডিয়ান্স কেপ টাউন তাঁর জন্য নিলামে দর হাঁকবে না সিদ্ধান্ত নেওয়ার পরই। এমআই কেপ টাউন তাঁকে ছেড়ে দিয়ে শিমরন হেটমায়ারকে কেনে। একই অঙ্কে। যা দেখে ক্রিকেট বিশ্বের অনেকে অবাক হয়েছিলেন। ফ্র্যাঞ্চাইজি দলেরও অনেকে বিস্মিত হয়েছিলেন বলেই বিভিন্ন প্রতিবেদনে জানা গিয়েছে।
মুম্বই ইন্ডিয়ান্স রয়েছে, এরকম কোনও লিগে মুম্বই ফ্র্যাঞ্চাইজি ছাড়া অন্য কোনও দলের হয়ে কখনও খেলেননি পোলার্ড।
নতুন ভূমিকায় পোলার্ড
কায়রন পোলার্ডকে (Kieron Pollard) বিরাট প্রোমোশন দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তাঁকে দলের হেড কোচ ঘোষণা করা হয়েছে। মাহেলা জয়বর্ধনের স্থলাভিষিক্ত হলেন তিনি। ২০২৭ সালের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ হিসাবে দেখা যাবে প্রাক্তন ক্যারিবিয়ান তারকাকে। ১৬ বছর ধরে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত কায়রন পোলার্ড। ক্রিকেটার হিসাবে খেলেছেন। খেলা ছাড়ার পর কোচিং টিমের সদস্য ছিলেন।
মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম মালকিন নীতা অম্বানি বলেছেন, ‘পোলার্ড যখন মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন, ওঁর বয়স ছিল ২২ বছর। সেদিনের সেই তরুণ পরের ১৬ বছরে পরিবারের সদস্য হয়ে গিয়েছেন। প্লেয়ার হিসাবে অবিস্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন। পরে কোচ হিসাবে নিজের অভিজ্ঞতা, আবেগ ও ক্রিকেট জ্ঞান ভাগ করে নিতেন। এবার হেড কোচ হিসাবে ওঁকে দায়িত্ব দিতে পেরে আমরা আপ্লুত। পলি (পোলার্ডের ডাকনাম) জানে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি ঠিক কী আর তার জন্য কী করা উচিত। আমি নিশ্চিত প্লেয়ার হিসাবে ওর যে দায়বদ্ধতা ছিল, বিশ্বাস ও ভূমিকা ছিল, কোচ হিসাবেও সেটাই বজায় রাখবে। নতুন অধ্যায়ের জন্য ওকে অনেক শুভেচ্ছা।’
Post Comment