Lakshmi Puja 2026: নারী ও শিশু নির্যাতন বন্ধের প্রার্থনা, কোজাগরীতে কন্যাকে লক্ষ্মীরূপে আরাধনা কৃষ্ণগঞ্জের বিশ্বাস দম্পতির
Last Updated:
Lakshmi Puja 2026: মৃন্ময়ী প্রতিমা নয়, আট বছরের মেয়েকেই লক্ষ্মীরূপে পুজো! নারী নির্যাতন রুখতে নদিয়ার দম্পতির অভিনব উদ্যোগ।
কৃষ্ণগঞ্জ, নদিয়া, মৈনাক দেবনাথ: সমাজে নারী নির্যাতন, শিশু নির্যাতন ও ধর্ষণের মতো অমানবিক ঘটনা যখন বারবার উদ্বেগ বাড়াচ্ছে, তখন সম্পূর্ণ অন্য পথে হেঁটে সামাজিক সচেতনতার বার্তা দিলেন নদিয়ার কৃষ্ণগঞ্জের এক পরিযায়ী শ্রমিক দম্পতি। কোজাগরী লক্ষ্মীপুজোর পুণ্যতিথিতে মৃন্ময়ী প্রতিমার পরিবর্তে নিজেদের আট বছরের কন্যা শ্রুতিকে লক্ষ্মীরূপে সাজিয়ে ধর্মীয় রীতি মেনে পুজো করলেন শিবনিবাস হালদারপাড়ার বিশ্বাস দম্পতি। তাঁদের এই অভিনব উদ্যোগ ঘিরে এলাকায় তৈরি হয়েছে কৌতূহল ও প্রশংসার আবহ।
আর জি করের তরুণী চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ড থেকে শুরু করে কুলতলীর উমার ধর্ষণ ও খুন, এমনকী দু’বছর আগে লক্ষ্মীপুজোর দিন কৃষ্ণনগরে তরুণীকে ধর্ষণ করে খুন ও পুড়িয়ে দেওয়ার ঘটনা– পরপর এমন মর্মান্তিক ঘটনায় নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। এই পরিস্থিতিতে সমাজ থেকে নারী ও শিশু নির্যাতন দূর করার প্রার্থনা জানাতেই নিজেদের মেয়েকে দেবীরূপে আরাধনার সিদ্ধান্ত নেন দেবাশিস বিশ্বাস ও লক্ষ্মী বিশ্বাস।
শ্রুতির মা লক্ষ্মী বিশ্বাস জানান, প্রতিটি পরিবারেই কন্যাসন্তানকে লক্ষ্মী হিসেবে দেখা উচিত। নারী মাতৃশক্তির আধার। নিজের মেয়েকে লক্ষ্মীরূপে পুজো করতে পেরে তাঁরা গর্বিত।
এদিন পুজোয় আরও একটি প্রার্থনা জানান দেবাশিস। যোগ্য হয়েও যাঁরা চাকরি হারিয়েছেন, তাঁরা যেন পুনরায় চাকরি ফিরে পান এবং অধিকার আদায়ের আন্দোলনে থাকা মানুষদের জীবনে স্বস্তি ফিরে আসে। বিশ্বাস পরিবারের এই উদ্যোগ দেখতে প্রতিবেশীদের ভিড় জমে বাড়িতে। তাঁদের আশা, এমন উদ্যোগ কন্যাসন্তানের প্রতি দৃষ্টিভঙ্গি বদলানোর পাশাপাশি নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে সমাজে নতুন করে সচেতনতা গড়ে তুলবে।
Post Comment