একটি পদ ফাঁকা রেখে জুনিয়র নির্বাচক কমিটি ঘোষণা করে দিল ভারতীয় বোর্ড, পূর্বাঞ্চল থেকে কে?
মুম্বই: ভারতের জুনিয়র নির্বাচক কমিটি বেছে নিল ভারতীয় ক্রিকেট বোর্ড । পাঁচ সদস্যের কমিটির চারজনকে বেছে নেওয়া হয়েছে । একটি পদ ফাঁকা রাখা হয়েছে । ভারতীয় ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে জানিয়েছে, পঞ্চম স্থানটিও দ্রুত পূরণ করা হবে । এ-ও জানানো হয়েছে যে, নির্বাচিত চারজনের নামই সুপারিশ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের উপদেষ্টা কমিটি ।
কারা এলেন জুনিয়র নির্বাচক কমিটিতে? পারবিন্দর আওয়ানা, কৃষ্ণ দাস, রাকেশ পটেল ও এন অর্জুন যাদব । জুনিয়র নির্বাচক কমিটির চেয়ারম্যান হয়েছেন আওয়ানা । জাতীয় দলের হয়ে দু’টো টি-টোয়েন্টি ম্যাচ খেলা আওয়ানা ঘরোয়া ক্রিকেটে চেনা মুখ । দিল্লির এই পেসার আইপিএল খেলেছেন পাঞ্জাব কিংসের জার্সিতে । পাশাপাশি খেলেছেন ভারত ‘এ’, অবশিষ্ট ভারতের মতো দলে । সব মিলিয়ে ৬২টি প্রথম শ্রেণির ম্যাচে ১৯১ উইকেট নিয়েছেন আওয়ানা । অবসরের পর কোচিংয়ে আসেন তিনি । দিল্লির বিভিন্ন বয়সভিক্তিক দলের পাশাপাশি ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলেও বোলিং কোচ ছিলেন । আওয়ানা কাজ করেছেন বোর্ডের হাই পারফরম্যান্স প্রোগ্রামেও ।
🚨 News 🚨 Parvinder Awana @ParvinderAwana appointed Chairperson of Junior Selection Committee. Krishna Das, Rakesh Patel, N. Arjun Yadav appointed as members of the Committee. More Details 🔽 https://t.co/wRcnfMS5X0
— BCCI (@BCCI) October 23, 2026
আওয়ানা ছাড়া যাঁরা জুনিয়র নির্বাচক কমিটিতে এসেছেন, তাঁদের মধ্যে কৃষ্ণ দাস ৪৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন অসম ও গোয়ার হয়ে । তিনিও পেসার । রাকেশ পটেল গুজরাত ও বঢোদরার হয়ে খেলার পর কোচিংও করিয়েছেন এই দুই দলে । ২০০০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য অর্জুন ঘরোয়া ক্রিকেটে হায়দরাবাদের অধিনায়ক ছিলেন । পরবর্তীতে কোচিংয়ের পাশাপাশি বোর্ডের ম্যাচ রেফারি হিসেবেও কাজ করেছেন তিনি । এবার আরও বড় দায়িত্ব পেলেন তাঁরা ।
বাংলা থেকে জুনিয়র নির্বাচক হওয়ার জন্য আবেদন করেছিলেন প্রাক্তন অফস্পিনার সৌরাশিস লাহিড়ী । তিনি সাক্ষাৎকারও দিয়েছিলেন । তবে পূর্বাঞ্চল থেকে নির্বাচক কমিটিতে জায়গা পেলেন অসমের কৃষ্ণ দাস । আপাতত জুনিয়র নির্বাচক কমিটির পঞ্চম সদস্য কে হন, সেটা দেখার জন্য অপেক্ষা করছেন সকলে ।
Post Comment