Marriage Story: বউভাতের প্যান্ডেলে অনন্য উদ্যোগ! কব্জি ডুবিয়ে খাওয়া-দাওয়ার মাঝে রক্তদান, নজির গড়লেন মাসুদ-সোহানা

Last Updated:

Marriage Story: বিয়ে মানেই আনন্দ ও খাওয়াদাওয়া! তবে সেই প্রথা ভেঙে নতুন জীবনের শুরুতেই সামাজিক দায়বদ্ধতার অনন্য নজির গড়লেন নদিয়ার চাপড়ার নবদম্পতি মাসুদ মণ্ডল ও সোহানা মণ্ডল। নিজেদের বউভাতের দিনেই আয়োজন করলেন রক্তদান শিবির, যেখানে উপস্থিত হয়ে স্বেচ্ছায় রক্ত দিলেন শতাধিক মানুষ।

নদিয়ার চাপড়ায় বউভাতের অনুষ্ঠানে নবদম্পতি মাসুদ মণ্ডল ও সোহানা মণ্ডলের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির
নদিয়ার চাপড়ায় বউভাতের অনুষ্ঠানে নবদম্পতি মাসুদ মণ্ডল ও সোহানা মণ্ডলের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির

চাপড়া, মৈনাক দেবনাথ: বিয়ের পিঁড়িতে নতুন জীবনের সূচনা, আর বৌভাতের অনুষ্ঠানে মানুষের জীবন বাঁচানোর অঙ্গীকার! চেনা বিয়েবাড়ির আনন্দ-উৎসবের ছবিটাই বদলে দিলেন নদিয়ার চাপড়ার নবদম্পতি মাসুদ মণ্ডল ও সোহানা মণ্ডল। বৌভাতের অনুষ্ঠানে ভোজের পাশাপাশি আয়োজন করা হয় রক্তদান শিবিরের। নবদম্পতির এই অভিনব উদ্যোগে সাড়া দিয়ে শতাধিক স্বেচ্ছায় রক্তদান করেন।

বিয়ে মানেই সাজসজ্জা, আত্মীয়-স্বজনের ভিড় আর এলাহি খাওয়া-দাওয়া। কিন্তু সেই আনন্দের মুহূর্তকে সমাজসেবার সঙ্গে যুক্ত করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মাসুদ ও সোহানা। তাঁদের এই উদ্যোগের মাধ্যমে বিয়ের মতো ব্যক্তিগত অনুষ্ঠানও যে মানুষের কল্যাণে কাজে লাগানো যায়, সেই বার্তাই উঠে এল।

আরও পড়ুন: ট্রেনের ভরসা অতীত! এবার এসি বাসেই হবে শিলিগুড়ি-অরুণাচল প্রদেশ রোমাঞ্চকর সফর, জানুন ভাড়া-সময়সূচি

জানা গিয়েছে, মাসুদ মণ্ডল দীর্ঘদিন ধরেই একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত। রক্তের অভাবে কোনও রোগীর চিকিৎসায় সমস্যা হলে রক্তের সন্ধান করা থেকে শুরু করে নিজে রক্তদান—বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। সেই মানবিক মানসিকতারই প্রতিফলন দেখা গেল নিজের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিনে। নতুন সংসার শুরুর মুহূর্তে স্ত্রী সোহানাকে পাশে নিয়ে রক্তদান শিবিরের আয়োজন করেন মাসুদ। তাঁদের এই উদ্যোগে অংশ নেন শতাধিক স্বেচ্ছায় রক্তদাতা। ফলে বৌভাতের অনুষ্ঠান শুধু আনন্দ-উৎসবের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, হয়ে উঠেছে সামাজিক সচেতনতা ছড়িয়ে দেওয়ার একটি মঞ্চ।

আরও পড়ুন: মদ্যপদের তাণ্ডবে রক্তারক্তি কাণ্ড মাটিয়ায়! মারধর-শ্লীলতাহানি, পাল্টা গাছে বেঁধে পুলিশে দিল গ্রামবাসীরা

মাসুদ মণ্ডলের কথায়, “জীবনের নতুন অধ্যায়ের প্রথম দিনেই রক্তদানের মাধ্যমে পথচলা শুরু করেছি। আগামী দিনে আমি ও আমার স্ত্রী দু’জনে মিলে মানুষের বিপদের সময় পাশে দাঁড়াতে চাই। মানুষের জীবন বাঁচানোর চেয়ে বড় মানবিক কাজ আর কী হতে পারে! সকলের কাছে আবেদন, আপনারা এগিয়ে আসুন, স্বেচ্ছায় রক্তদান করুন। মনে রাখবেন, রক্তদান জীবন দান। আমাদের এই ছোট্ট উদ্যোগ যদি আরও মানুষকে রক্তদানে উৎসাহিত করে, তাহলেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।” নবদম্পতির এই উদ্যোগ বুঝিয়ে দিল, বিয়ে শুধু দু’টি মানুষের একসঙ্গে পথচলা শুরু নয়, সমাজের প্রতি দায়বদ্ধতারও নতুন অধ্যায়। চাপড়ার এই ব্যতিক্রমী আয়োজন তাই বিয়ের আনন্দের পাশাপাশি মানবিকতার বার্তাও ছড়িয়ে দিল।

Post Comment

You May Have Missed