Durga Puja 2026: নদিয়ার MBBS-এর হাতে ফুটল মায়ের চালচিত্র! হুগলির দীর্ঘাঙ্গী পরিবারের দুর্গাপুজোয় এবার আবেগের অনন্য ছোঁয়া
Last Updated:
Durga Puja 2026: নদিয়ার শান্তিপুরের শৈল্পিক টান হুগলির জাঙ্গিপাড়ায়! দীর্ঘাঙ্গী পরিবারের ১২তম বর্ষের দুর্গাপুজোর বিশেষ আকর্ষণ, চিকিৎসক ছেলের হাতে আঁকা চালচিত্র এবং প্রাচীন ঘোটক সিংহের সাবেকি ১৪ ফুটের সুউচ্চ প্রতিমা।
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: সোশাল মিডিয়ায় প্রতিমার ছবি দেখে পছন্দ হয়েছিল শান্তিপুরের শিল্পকর্ম। আর সেই সূত্র ধরেই হুগলি জেলার জাঙ্গিপাড়ার দীর্ঘাঙ্গী পরিবারের দুর্গাপ্রতিমা এবারও তৈরি হল নদিয়ার শান্তিপুরের শ্যামবাজারে, মৃৎশিল্পী সৌরাজ পালের কারখানায়। এবছর ১২তম বর্ষে পদার্পণ করল এই পরিবারের দুর্গাপূজো। শুরুর দিকে স্থানীয় মৃৎশিল্পীদের তৈরি প্রতিমা দিয়েই পুজো হত দীর্ঘাঙ্গী বাড়িতে। তবে গত দু’বছর ধরে তারা প্রতিমা তৈরি করাচ্ছেন শান্তিপুরে। পরিবারের সদস্যদের মতে— সাবেকি মুখের আদল, সিংহের বদলে প্রাচীন রীতির ঘোটক সিংহ এবং নিখুঁত সাজ-পোশাকই তাঁদের শান্তিপুরের এই শিল্পীর কাছে টেনে এনেছে।
বিগত প্রায় তিন মাস ধরে ভিডিও কল এবং নিয়মিত ছবি আদান-প্রদানের মাধ্যমে প্রতিমা তৈরির প্রতিটি ধাপের ওপর নজর রেখেছেন বাড়ির দুই পড়ুয়া ভাই। এদের মধ্যে বড় ভাই এবছরই তাঁর পাঁচ বছরের এমবিবিএস পাঠ্যক্রম শেষ করে চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেছেন। ডাক্তারি পেশার পাশাপাশি ছোটবেলা থেকেই তাঁর আঁকার প্রতি গভীর আগ্রহ ছিল। সেই শিল্পভাবনা থেকেই এবছর দুর্গা প্রতিমার চালচিত্রটি তিনি সম্পূর্ণ নিজের হাতে এঁকেছেন— যা মায়ের চরণে তাঁর এক অনন্য নিবেদন।
পরিবারের কর্তা রসায়নের অধ্যাপক। বাড়িতে নিত্যদিন নারায়ণ সেবার চল থাকলেও, মূলত দুই ছেলের প্রবল উৎসাহ ও ইচ্ছাতেই এই দুর্গাপূজার সূচনা। বাড়ির সামনে খামার উঠোনে গড়ে তোলা হয়েছে পূজামণ্ডপ, যেখানে অধিষ্ঠিত হবে প্রায় ১৪ ফুট উচ্চতার এই সুবিশাল প্রতিমা। নিয়মরীতিতে আড়ম্বর বা বাড়াবাড়ি না থাকলেও, পূজোর দিনগুলিতে পুরো পরিবার এবং জাঙ্গিপাড়া এলাকার স্থানীয় বাসিন্দারা একাত্ম হয়ে মেতে ওঠেন এই দীর্ঘাঙ্গী বাড়ির উৎসবে।
Post Comment