Daribhit Incident: দাড়িভিট কাণ্ডের ৮ বছর, বিচার অধরা! দোষীদের শাস্তির দাবিতে পরিবারের পাশে ABVP
Last Updated:
Daribhit Incident: বাংলা শিক্ষক নিয়োগের দাবিতে ফের সরব ABVP, দাড়িভিট কাণ্ডে বিচারের দাবিও জোরালো।
ইসলামপুর: উর্দু নয় বাংলা শিক্ষক চাই, ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর দাড়িভিট হাইস্কুলে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিল দাড়িভিট স্কুলের প্রাক্তন দুই ছাত্র রাজেশ সরকার ও তাপস বর্মণ। গুলি চালানোর অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। এরপর পরিবারের পাশে থেকে আন্দোলন শুরু করে ABVP।
২০ সেপ্টেম্বরের দিন বাংলাভাষা দিবস হিসেবে পালন করতে শুরু করে ABVP। এবং ২০ সেপ্টেম্বরের দিন সরকারি ভাবে বাংলাভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য দাবি তুলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হয় ABVP বলে জানা গিয়েছে। অন্যদিকে, ABVP দাবিকে সমর্থন করছেন নিহতদের পরিবারের সদস্যরা।
নিহত প্রাক্তন ছাত্র তাপস বর্মণের মা মঞ্জু বর্মণ জানান, প্রায় ৮ বছর হতে চললেও, এখনও কোনও বিচার পাননি তাঁরা। এখনও অভিযুক্তরা অধরা ঘুরে বেড়াচ্ছেন। তৎকালীন তৃণমূল সরকারের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতা করার অভিযোগ তুলে CBI তদন্তের দাবি তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পরিবারের সদস্যরা। কলকাতা হাইকোর্ট দাড়িভিট কাণ্ডের তদন্তভার NIA হাতে তুলে দেওয়া হয়। এখন একটাই দাবি, দাড়িভিট ফাইল খুলে তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হোক, বিচারের আশায় পরিবারের সদস্যরা।
রাজেশ সরকার ও তাপস বর্মণের সমাধিস্থল পর্যন্ত এদিন বৃষ্টি মাথায় নিয়ে পদযাত্রা করে ABVP। নিহত দুই প্রাক্তন ছাত্রের বাবা মা ও এই পদযাত্রায় সামিল হন। উপস্থিত ছিলেন রাজ্যের দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী, ABVP কেন্দ্রীয় কার্যসমিতির সদস্য শুভব্রত অধিকারী-সহ ABVP সদস্যরা।
ছেলের সমাধিস্থলে পৌঁছে কান্নায় ভেঙে পড়েন দুই নিহত ছাত্রের মা, অজ্ঞান হয়ে পড়েন তাপসের মা মঞ্জু বর্মণ। দুই ছাত্রের সমাধিস্থলে মাল্যদান ও শ্রদ্ধাজ্ঞাপন করেন দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী ও ABVP কার্যকর্তারা। বিচার হবেই, আশ্বাস মন্ত্রীর। ABVP সরকারি ভাবে বাংলাভাষা দিবসের দাবিকে সমর্থনও করেন মন্ত্রী। তৎকালীন তৃণমূলের মন্ত্রী গোলাম রব্বানী এই ঘটনার দায়ী। তাঁর গ্রেফতারের দাবি তোলে পরিবারের পাশাপাশি ABVP।
রবিবার পশ্চিমবঙ্গ জুড়ে ‘বাংলা ভাষা দিবস’ পালন করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গের ‘বাংলা ভাষা দিবস’ হিসেবে ঘোষণার দাবি জানিয়ে রাজ্য সরকারের কাছে দরবার করার পরিকল্পনা তাদের। রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে দাড়িভিটের ঘটনাকে সামনে রেখে গণ কনভেনশন, আলোচনা সভা এবং গেট মিটিং-এর আয়োজন করেছে সংগঠন। শহরের প্রাণকেন্দ্র কলেজ স্ট্রিট, দক্ষিণ কলকাতার হাজরা, উত্তর কলকাতার শ্যামবাজার এলাকায় বিশেষ প্রতিবাদী কর্মসূচি পালন করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে।
চঞ্চল মোদক

Post Comment