গ্যাসের ই-কেওয়াইসি এখনও করেননি ? ৩১ আগস্ট ছিল শেষ তারিখ, বুকিং ও ভর্তুকিতে সমস্যা হবে ?

কলকাতা: এলপিজি গ্রাহকদের জন্য আধার-ভিত্তিক ই-কেওয়াইসি করার শেষ তারিখ ছিল ৩১ আগস্ট। গ্যাসের ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করা বাধ্যতামূলক বলে আগেই জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। তেল বিপণনকারী সংস্থাগুলো এর আগে ২৩ আগস্ট পর্যন্ত সময়সীমা দিয়েছিল, যা পরে বাড়িয়ে ৩১ আগস্ট করা হয়। ফলত, যারা এখনও এই প্রক্রিয়া সম্পর্ন করেননি, চিন্তায় পড়েছেন তাঁরা। অনেক গ্রাহক ভাবছেন যে, ১ সেপ্টেম্বরের পর সিলিন্ডার বুকিং এবং ভর্তুকির উপর কী এর প্রভাব পড়বে? কেওয়াইসি ছাড়া কি আর সিলিন্ডার পাওয়া যাবে না ?

আজ থেকে কি সিলিন্ডার পাওয়া বন্ধ হয়ে যাবে ?

কেন্দ্র সরকারের নির্দেশ অনুযায়ী, ৩১শে আগস্টের সময়সীমার অর্থ এই নয় যে, ১লা সেপ্টেম্বর থেকে ই-কেওয়াইসি ছাড়া সমস্ত এলপিজি সংযোগ বন্ধ করে দেওয়া হবে। বর্তমানে, রিফিল সরবরাহ চালু থাকবে। কিন্তু সরকার এবং তেল কোম্পানিগুলো কেওয়াইসি-বিহীন গ্রাহকদের জন্য আরও বিধিনিষেধের বিষয়ে সিদ্ধান্ত নেবে। তাই, যদি আপনার ই-কেওয়াইসি বাকি থাকে, তবে নতুন অর্ডারের জন্য অপেক্ষা না করে শীঘ্রই তা সম্পন্ন করাই শ্রেয়। এটি ভবিষ্যতে সিলিন্ডার বুকিং, ভর্তুকি এবং এলপিজির সুবিধা পাওয়া সংক্রান্ত সমস্যা এড়াতে সাহায্য করতে পারে।

সুতরাং, সোশ্যাল মিডিয়ায় প্রচার হওয়া সেইসব প্রতিবেদন সম্পর্কে সতর্ক থাকুন, যেখানে দাবি করা হচ্ছে যে, যাদের কেওয়াইসি (KYC) নেই তারা ১লা সেপ্টেম্বর থেকে গ্যাস সিলিন্ডার পাবেন না। কারণ, সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এমন কোনও নিষেধাজ্ঞা না নতুন নির্দেশ কার্যকর করা হয়নি।

কেন ই-কেওয়াইসি প্রয়োজন?

ই-কেওয়াইসি সম্পন্ন করা অত্যন্ত জরুরি। কারণ, এলপিজি সংযোগটি প্রকৃত গ্রাহকের নামে রয়েছে কিনা, ভর্তুকি এবং গ্যাসের অপব্যবহার হচ্ছে কিনা তা রুখতে এটি প্রয়োজন। যেসব গ্রাহকের আধার-ভিত্তিক যাচাইকরণ এখনও সম্পন্ন হয়নি, ভবিষ্যতে তারা রিফিল বুক করতে বা ভর্তুকি সুবিধাপ্রাপ্ত সিলিন্ডার পেতে সমস্যার সম্মুখীন হতে পারেন। আগেই, সরকার জানিয়েছিল যে, প্রত্যেক গ্রাহককে ই-কেওয়াইসি করতে হবে। যদি কোনও গ্রাহক এটি না-করান তবে রান্নার গ্যাসের জন্য বাড়তি টাকা দিতে হবে। তবে কত টাকা বাড়তি দিতে হবে, তা এখনও নিশ্চিত করেনি সরকার। তবে বর্তমানে যে টাকায় সিলিন্ডার পান গ্রাহকেরা, তার থেকে অনেকটাই বেশি দিয়ে কিনতে হবে বলে জানিয়েছিল। কিন্তু ৩১ তারিখ মেয়াদ শেষ হলেও, নতুন করে কোনও নির্দেশিকা জারি করেনি কেন্দ্র সরকার। তাই যারা এখনও করেননি, তাঁরা অবিলম্বে ই-KYC করে নিন।

KYC সম্পন্ন না হলে কী করবেন?

যদি আপনি এখনও KYC করেননি, তবে আতঙ্কিত হওয়ার কোনও প্রয়োজন নেই। যত তাড়াতাড়ি সম্ভব আপনার ই-KYC সম্পন্ন করুন। আপনার এলপিজি ডিস্ট্রিবিউটরের সঙ্গে যোগাযোগ করুন অথবা আপনার কোম্পানির অফিসিয়াল অ্যাপের মাধ্যমে নিজেই প্রক্রিয়াটি সম্পন্ন করুন। এছাড়াও, যদি আপনি ইতিমধ্যে আপনার ই-KYC সম্পন্ন করে থাকেন কিন্তু এসএমএস বা অ্যাপে এটি এখনও পেন্ডিং দেখাচ্ছে, তাহলে আপনার ডিস্ট্রিবিউটরের সঙ্গে ভেরিফিকেশন স্ট্যাটাসটি অবশ্যই যাচাই করে নিন।

Post Comment

You May Have Missed